বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের হতাশা এখনও কাটিয়ে উঠতে পারেনি আর্জেন্টিনা। তবে মাঠের লড়াইয়ের চেয়ে এখন বেশি আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুজব ও ষড়যন্ত্রতত্ত্ব নিয়ে। এসব ভিত্তিহীন প্রচারণা থেকে সমর্থকদের দূরে থাকার আহ্বান জানিয়েছেন আর্জেন্টাইন ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা।
বিশ্বকাপ শেষে দেশে ফিরে নিজ এলাকা ভিলা কারাসায় যান অলিম্পিক মার্সেইয়ের এই ডিফেন্ডার। সেখানে স্থানীয় সমর্থকদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি উপস্থিত ছিলেন তার দীর্ঘদিনের বন্ধু ও রিভার প্লেট ফরোয়ার্ড ফ্লাকো লোপেজ।
সমর্থকদের সঙ্গে আলাপকালে মেদিনা স্পষ্ট জানিয়ে দেন, ফাইনালের পর আর্জেন্টিনার ড্রেসিং রুম ঘিরে যেসব ভিডিও ও দাবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেগুলোকে গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই।
তার ভাষ্য, ‘অর্থহীন কথায় বিশ্বাস করবেন না। আপনারা ছবি আর ভিডিওতেই দেখেছেন, আমরা পুরো সময়টাই ঐক্যবদ্ধ ছিলাম। তাই গুজব ছড়ানো এসব গল্পে কান দেবেন না।’
২০২৬ বিশ্বকাপে পাঁচটি ম্যাচ খেলেছেন মেদিনা, যার মধ্যে ছিল স্পেনের বিপক্ষে ফাইনালও। শিরোপা হারানোর কষ্ট স্বীকার করলেও তিনি মনে করিয়ে দেন, ফুটবলই জীবনের সবকিছু নয়। তিনি আরও যোগ করেন, ‘একটি ফুটবল ম্যাচের চেয়েও জীবনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সবচেয়ে আগে প্রয়োজন একজন ভালো মানুষ হওয়া।’
ফাইনালের পর আর্জেন্টিনা দলের সব সদস্য একসঙ্গে দেশে ফেরেননি। বিষয়টি নিয়েও নানা জল্পনা তৈরি হয়েছিল। এ প্রসঙ্গে মেদিনা বলেন, দলের সবাই একই রকম হতাশার মধ্য দিয়ে যাচ্ছেন বলেই কয়েকজন খেলোয়াড় যুক্তরাষ্ট্রেই থেকে গেছেন। মেদিনা বলেন, ‘আমরা সবাই সমান কষ্টে আছি। সে কারণেই কয়েকজন তখনই দেশে ফেরেনি। আমরা ভীষণ হতাশ ছিলাম। কিন্তু এটাও সত্য, শেষ পর্যন্ত এটি একটি ফুটবল ম্যাচ। জীবনে এর চেয়েও গুরুত্বপূর্ণ অনেক কিছু আছে।’
মেদিনার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন ফ্লাকো লোপেজও। তিনি বলেন, পরিচিত মানুষদের মাঝে ফিরে আসা এবং সবার সঙ্গে কিছুটা সময় কাটানো কঠিন সময় কাটিয়ে উঠতে সাহায্য করছে। তিনি আরও বলেন, ‘কয়েক দিন আগের কষ্টটা আজ কিছুটা হলেও ভুলতে পারছি। আমরা যে জায়গা থেকে উঠে এসেছি, সেটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। আর্জেন্টাইন হতে পারাটাই আমাদের গর্ব।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

