আন্তর্জাতিক ফুটবলকো বিদায় জানালেন ওটামেন্ডি

আন্তর্জাতিক ফুটবলকো বিদায় জানালেন ওটামেন্ডি

১৭ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের পর অবশেষে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানালেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। স্পেনের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ ফাইনালই হয়ে থাকল তার আকাশি-সাদা জার্সিতে শেষ ম্যাচ। বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে না পারলেও মাথা উঁচু করেই জাতীয় দলকে বিদায় বলেছেন ৩৮ বছর বয়সী এই সেন্টারব্যাক।

বিজ্ঞাপন

বিশ্বকাপ শুরুর আগেই ওটামেন্ডি ইঙ্গিত দিয়েছিলেন, ২০২৬ আসরই হবে তার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। ফাইনালের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আবেগঘন এক বার্তায় আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন তিনি।

ওটামেন্ডি লিখেছেন, ‘আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন কথাগুলো লিখতে হচ্ছে। হয়তো ভাগ্য এমনই ছিল যে, আমার শেষ ম্যাচটি হলো একটি বিশ্বকাপ ফাইনাল। আমরা কাঙ্ক্ষিত ফল পাইনি, কিন্তু আমি গর্ব নিয়েই বিদায় নিচ্ছি। কারণ এই দল শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছে।’

আর্জেন্টিনার হয়ে ১৩৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ওটামেন্ডি। এই দীর্ঘ পথচলায় তিনি জিতেছেন ২০২২ কাতার বিশ্বকাপ, টানা দুটি কোপা আমেরিকা এবং ফিনালিসিমার শিরোপা। লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্যের অন্যতম নির্ভরযোগ্য সদস্য ছিলেন এই ডিফেন্ডার।

জাতীয় দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, ‘আর্জেন্টিনাকে ধন্যবাদ, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণের সুযোগ দেওয়ার জন্য। এই জার্সি পরা ছিল আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। আমি কখনও বিশ্বাস হারাইনি, নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি প্রতিটি ম্যাচে।’

তরুণ ফুটবলারদের উদ্দেশেও অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন ওটামেন্ডি। তার ভাষায়, ‘কখনও বিশ্বাস হারাবে না। অনেক সময় সবকিছু অসম্ভব মনে হতে পারে, কিন্তু এই জার্সি তাদেরই পুরস্কৃত করে, যারা বিনয়, ত্যাগ আর ভালোবাসা দিয়ে এর মর্যাদা রক্ষা করে। মাথা উঁচু রাখো, লড়াই চালিয়ে যাও। কোনো পরাজয় যেন তোমাদের স্বপ্ন কেড়ে নিতে না পারে।’

তবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেও পেশাদার ক্লাব ফুটবল চালিয়ে যাচ্ছেন ওটামেন্ডি। ইউরোপে পোর্তো, ভ্যালেন্সিয়া, ম্যানচেস্টার সিটি ও বেনফিকার হয়ে প্রায় দেড় দশক কাটানোর পর সম্প্রতি তিনি যোগ দিয়েছেন আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটে। এখন সেখানেই ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বিশ্বচ্যাম্পিয়ন এই অভিজ্ঞ ডিফেন্ডার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন