বার্সা ছেড়ে ম্যানইউতে ফিরছেন রাশফোর্ড

বার্সা ছেড়ে ম্যানইউতে ফিরছেন রাশফোর্ড

এক মৌসুম ধারে বার্সেলোনায় কাটিয়ে অবশেষে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে যাচ্ছেন ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। ২০২৫-২৬ মৌসুমে কাতালুনিয়ার ক্লাবটির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৯ ম্যাচে মাঠে নেমেছিলেন ২৮ বছর বয়সি এই ফরোয়ার্ড। এই সময়ে তিনি ১৪টি গোলের সঙ্গে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো ১৪টি গোল। আক্রমণভাগে তার এই দুর্দান্ত অবদান বার্সেলোনার লা লিগার শিরোপা পুনরুদ্ধারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। মাঠে দারুণ পারফরম্যান্স সত্ত্বেও রাশফোর্ডকে স্থায়ীভাবে দলে ভেড়ায়নি বার্সা। পরিবর্তে নিউক্যাসল ইউনাইটেড থেকে অ্যান্থনি গর্ডনকে দলে ভিড়িয়েছে লা লিগা চ্যাম্পিয়নরা। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে শেষ ম্যাচ খেলার পর মৌসুমের বাকি অংশ অ্যাস্টন ভিলায় ধারে কাটিয়েছিলেন রাশফোর্ড। স্পেন ছাড়ার আগে ইনস্টাগ্রামে আবেগঘন বার্তায় ক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। বার্সেলোনাও তাদের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে তার প্রতি শুভকামনা জানিয়ে তাকে ক্লাবের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করেছে। রাশফোর্ডের এই বার্তার জবাব দিয়েছে বার্সেলোনার অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও। ক্লাবটি লিখেছে, ‘সবকিছুর জন্য ধন্যবাদ, রাশি। তুমি সব সময় আমাদেরই একজন হয়ে থাকবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন