শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত উত্তেজনা, উৎকণ্ঠা আর নাটকীয়তায় ভরা এক ম্যাচে ওয়েস্ট হ্যামকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। যোগ করা সময়ে প্রতিপক্ষের সমতাসূচক গোল ভিএআরে বাতিল হওয়ায় শেষ পর্যন্ত স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে মিকেল আরতেতার দল। লন্ডন স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের ম্যাচে গোল পেতে আর্সেনালকে অপেক্ষা করতে হয়েছে ৮৩ মিনিট পর্যন্ত। তবে সেই এক গোলই শেষ পর্যন্ত তিন পয়েন্ট এনে দেয় গানারদের।
এই জয়ে ৩৬ ম্যাচ শেষে আর্সেনালের পয়েন্ট দাঁড়িয়েছে ৭৯। শিরোপা দৌড়ে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে তারা এখন পাঁচ পয়েন্টে এগিয়ে। সিটির সংগ্রহ ৩৫ ম্যাচে ৭৪ পয়েন্ট। অন্যদিকে এই হারে রেলিগেশনের শঙ্কা আরও বাড়ল ওয়েস্ট হ্যামের।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্সেনাল। প্রথমার্ধে কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি তারা। দ্বিতীয়ার্ধের ৬৯তম মিনিটে পেনাল্টির দাবি তোলে গানাররা। ডি-বক্সের ভেতরে জটলার মধ্যে পাবলোর হাতে বল লাগলেও রেফারি খেলা চালিয়ে যেতে বলেন। পরে টিভি রিপ্লেতে ঘটনাটি ধরা পড়লেও সিদ্ধান্ত বদলায়নি।
৭৭তম মিনিটে ওয়েস্ট হ্যামের নিশ্চিত গোল ঠেকিয়ে দলকে বাঁচান আর্সেনালের গোলরক্ষক ডেভিড রায়া। পা বাড়িয়ে অসাধারণ এক সেভ করেন স্প্যানিশ এই গোলকিপার। শেষ পর্যন্ত ৮৩তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় আর্সেনাল। ওয়েস্ট হ্যামের ডি-বক্সে বল নিয়ন্ত্রণে রেখে দারুণ একটি পাস দেন মার্টিন ওডেগার্ড। সেই পাস থেকে নিচু শটে বল জালে পাঠান লিয়ান্দ্রো ট্রোসার্ড। তার গোলে উল্লাসে ফেটে পড়ে আর্সেনাল শিবির।
তবে ম্যাচের আসল নাটক জমে ছিল যোগ করা সময়ে। উইলসনের গোলে সমতায় ফেরার আনন্দে মেতে উঠেছিল ওয়েস্ট হ্যাম। কিন্তু গোলের আগে গোলরক্ষক রায়ার ওপর পাবলোর ফাউল ছিল কি না, তা দেখতে ভিএআরের সাহায্য নেন রেফারি। দীর্ঘ পর্যালোচনার পর গোল বাতিলের সিদ্ধান্ত আসে। রিপ্লেতে দেখা যায়, রায়ার বুকের ওপর হাত দিয়ে বাধা দিয়েছিলেন পাবলো। সেটিকেই ফাউল হিসেবে গণ্য করেন ম্যাচ অফিসিয়ালরা। ফলে শেষ মুহূর্তে সমতায় ফেরার স্বপ্ন ভেঙে যায় ওয়েস্ট হ্যামের।
এদিকে রাতের অন্য ম্যাচগুলোতে বার্নলি-অ্যাস্টন ভিলা, ক্রিস্টাল প্যালেস-এভারটন এবং নটিংহ্যাম ফরেস্ট-নিউক্যাসেল নিজেদের ম্যাচ ড্র করেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

