এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগ সামনে রেখে রাজশাহী স্টারসের প্রস্তুতি

এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগ সামনে রেখে রাজশাহী স্টারসের প্রস্তুতি

নতুন জার্সি, নতুন স্পন্সর- সবকিছুর সঙ্গে এবার এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে নিজেদের প্রমাণের অপেক্ষায় রাজশাহী স্টারস এফসি। দেশের মাটিতে চতুর্থ দিনের অনুশীলনে যোগ দিয়েছেন ডিফেন্ডার বিমলা বিকে। গত নারী ফুটবল লিগে চ্যাম্পিয়ন রাজশাহী স্টারসের হয়েও খেলেছিলেন এই নেপালি ডিফেন্ডার।

বিজ্ঞাপন

আবারও টিম রাজশাহীতে খেলার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন বিমলা। একই সঙ্গে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে দলকে দ্বিতীয় রাউন্ডে দেখতে চান তিনি। বিমলা বলেন, “রাজশাহী স্টারস এফসিকে ধন্যবাদ আবারও বাংলাদেশে আসার সুযোগ করে দেওয়ার জন্য। আমি চাই আমাদের দল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করুক।”

ব্যক্তিগত অর্জনের চেয়েও দলের সাফল্যই বিমলার কাছে বড়। তবে এশিয়ার মঞ্চে ভালো পারফরম্যান্স করে নিজ দেশের সমর্থকদেরও গর্বিত করতে চান তিনি। তার ভাষ্য, "আমার কাছে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যই সবার আগে। আমি চাই এ টুর্নামেন্টে দল ভালো করুক। পাশাপাশি আমি নিজেও ভালো খেলে নেপালিদের গর্বিত করতে চাই।”

গোলবার আগলে রাখার দায়িত্বে থাকবেন রুপনা চাকমা, স্বর্ণা রাণী ও সুরোধ্বনী কিসকু। ক্লাবের হয়ে দেশের প্রতিনিধিত্বের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা তিন গোলকিপারের ওপরই পূর্ণ আস্থা রাখছেন দলের গোলকিপার কোচ রবিউল হাসান খান। টুর্নামেন্টে ভালো পারফরম্যান্সের জন্যও পরিকল্পনা সাজাচ্ছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ আগস্ট সকালে মালয়েশিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে টিম রাজশাহী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন