লেবাননে ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় ৮ হাজার ৯২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩০ হাজার ৫৯৫ জন।
দেশটির জনস্বাস্থ্যবিষয়ক মন্ত্রণালয়ের হিসাবে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত মার্চ থেকে সংঘাত তীব্র হওয়ার পরই নিহত হয়েছেন ৪ হাজার ৩৫৮ জন। এ সময়ে আহত হয়েছেন ১২ হাজার ৩৫৯ জন।
হতাহত ব্যক্তিদের ৯৪ শতাংশই লেবাননের নাগরিক। বাকিদের মধ্যে রয়েছেন সিরীয়, ফিলিস্তিনি ও অন্যান্য দেশের নাগরিক। নিহত ও আহত ব্যক্তিদের ৮৬ শতাংশ পুরুষ। আর প্রায় এক-চতুর্থাংশের বয়স ১৮ বছরের কম।
ইসরাইলি হামলার কারণে লেবাননের স্বাস্থ্যসেবা খাতও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। দেশটিতে অ্যাম্বুলেন্সকর্মীদের ওপর ১৮০টি হামলা হয়েছে। এসব হামলায় ১৩৫ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪১৬ জন।
হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৪০টি স্বাস্থ্যকেন্দ্র ও ১৮৪টি অ্যাম্বুলেন্স। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৭টি হাসপাতালও। এর মধ্যে তিনটি হাসপাতালের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
জনস্বাস্থ্যবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য বলছে, ইসরাইলি সেনাবাহিনীর হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লেবাননের দক্ষিণাঞ্চল ও নাবতিয়েহ এলাকা। তবে দেশটির প্রায় সব প্রদেশেই হতাহতের ঘটনা ঘটেছে।
ইসরাইলের দাবি, তারা লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালাচ্ছে। তবে এসব হামলায় ব্যাপকভাবে বেসামরিক মানুষ হতাহত হচ্ছেন।
মার্চে ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর লেবাননেও হামলা জোরদার করেছে ইসরাইলিরা।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

