চট্টগ্রাম-কাপ্তাই আঞ্চলিক মহাসড়কের রাঙ্গুনিয়া অংশের প্রশস্তকরণ কাজের গতি ফিরেছে। দ্রুত গতিতে এগিয়ে চলছে এই মহাসড়কের সংস্কারকাজ । এখন প্রায় শেষের পথে। এতে করে রাঙ্গুনিয়াবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ নিরসন হতে যাচ্ছে। ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এখানকার ভোগান্তির শিকার মানুষ ।
দ্রুত গতির কারণে নির্ধারিত সময়ের অনেক আগেই প্রথমপর্যায়ের এই কাজ সম্পন্ন হচ্ছে বলে দাবি করছেন সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান । সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) তত্ত্বাবধানে পরিচালিত এই প্রকল্পের আওতায় জিয়ানগর থেকে পৌরসভা গোডাউন পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার দীর্ঘ বর্তমান ২০ ফুট প্রশস্তের সড়কটি বাড়িয়ে ৩০ ফুটে উন্নীত করা হচ্ছে।
প্রকল্পের কর্মকর্তারা জানান, লোকবল বাড়িয়ে সড়কের দুই পাশে পাঁচ ফুট করে মোট ১০ ফুট প্রশস্ত করার কাজ দ্রুত এগিয়ে চলেছে। আগামী ১০ দিনের মধ্যেই এই অংশের কাজ পুরোপুরি শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। কার্যাদেশ মোতাবেক প্রকল্পটি আগামী ২০২৭ সালের জুন মাসে শেষ হওয়ার কথা থাকলেও, কাজের গতি থাকায় চলতি বছরের অক্টোবর মাসের মধ্যেই তা সম্পন্ন হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে প্রথম ধাপের কাজ শেষের পথে থাকায় এবার দ্বিতীয় পর্যায়ে গোডাউন থেকে মরিয়মনগর চৌহনী পর্যন্ত সড়ক প্রশস্তকরণ কাজ খুব শিগগির শুরু হতে যাচ্ছে।
সওজের উপসহকারী প্রকৌশলী ইউনুস জানান, চলমান কাজের সন্তোষজনক অগ্রগতির পর এবার গোডাউন থেকে চৌহনী পর্যন্ত বর্ধিত অংশের কাজ শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে। এই মেগা প্রকল্পের মাধ্যমে এ অঞ্চলের হাজারো মানুষের দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তি অবসান হতে চলেছে। পাশাপাশি স্থানীয় জনগণের যাতায়াত আরো সহজ ও নিরাপদ করতে সরকার সড়কটি চার লেনে উন্নীত করার একটি বড় মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে। ঠিকাদার সালাউদ্দীন জানান, অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে কাজ শেষের দিকে। তবে দ্রুত করার জন্য চেষ্টা করছি। তিনি আরো জানান, এ সড়কের প্রশস্তকরণ রাঙ্গুনিয়া অংশের জন্য জনগণের দীর্ঘদিনের দাবি তা আজকে বাস্তবায়ন হতে চলেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

