বিশ্বকাপে করপোরেট দুনিয়ায় দুই লাখ কোটি টাকা ক্ষতির শঙ্কা

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে করপোরেট দুনিয়ায় দুই লাখ কোটি টাকা ক্ষতির শঙ্কা

দোরগোড়ায় কড়া নাড়ছে বিশ্বকাপ ফুটবল। মাঠের লড়াই শুরুর আগেই বিশ্বজুড়ে শুরু হয়ে গেছে ফুটবল উন্মাদনা। তবে ক্রীড়াপ্রেমীদের এই আনন্দ করপোরেট দুনিয়া ও নিয়োগকর্তাদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বকাপ চলাকালীন কর্মীদের কাজে মনোযোগী রাখা এবং অফিসে ধরে রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
সম্প্রতি মানবসম্পদ, বেতন ও কর্মী ব্যবস্থাপনা-সংক্রান্ত এআই প্ল্যাটফর্ম ‘ইউকেজি’ প্রকাশিত এক বৈশ্বিক জরিপে এ চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
ইউকেজির গবেষণা অনুযায়ী, আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের কারণে বিশ্বজুড়ে নিয়োগকর্তাদের উৎপাদনশীলতায় প্রায় এক হাজার ৭০০ কোটি ডলারের ক্ষতি হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই লাখ আট হাজার ৬৫৬ কোটি টাকার সমান। জরিপে দেখা গেছে, একক দেশ হিসেবে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে যুক্তরাষ্ট্র, যার পরিমাণ প্রায় এক হাজার ১৭০ কোটি ডলার। এর পরই রয়েছে জার্মানি, যেখানে ক্ষতির আশঙ্কা প্রায় ১৩৪ কোটি ডলার।
জরিপের তথ্য বলছে, বিশ্বকাপের ম্যাচগুলোর সময়সূচির সঙ্গে মিলিয়ে বিশ্বজুড়ে প্রায় ৩৭ শতাংশ কর্মী তাদের কাজের রুটিন পরিবর্তন করার পরিকল্পনা করছেন। এছাড়া ২৭ শতাংশ কর্মী সরাসরি জানিয়েছেন, তারা দেরিতে অফিসে এসে আগেভাগে চলে গিয়ে কিংবা পুরোপুরি অনুপস্থিত থেকে কর্মদিবস ফাঁকি দিতে পারেন।
অফিস চলাকালীন কাজে ফাঁকি দেওয়ার নতুন কৌশলও খুঁজছেন কর্মীরা। প্রায় ১৪ শতাংশ কর্মী স্বীকার করেছেন, তারা ডেস্কে বসেই লুকিয়ে ম্যাচ বা হাইলাইটস স্ট্রিমিং করে দেখবেন।
অন্যদিকে ১১ শতাংশ কর্মী আগের রাতে খেলা দেখে মদ্যপানের ঘোর নিয়ে পরদিন অফিসে কাজ করার পরিকল্পনা করছেন।
বিশ্বকাপের এই জোয়ার থেকে কিন্তু অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও মুক্ত নন। জরিপে দেখা গেছে, ৪২ শতাংশ ব্যবস্থাপক বা ম্যানেজার খেলা দেখার জন্য আগে থেকেই ছুটি নেওয়ার পরিকল্পনা করছেন। এছাড়া ৪৫ শতাংশ ব্যবস্থাপক শেষ মুহূর্তে নিজের সুবিধামতো কাজের সময় পরিবর্তনের সুযোগ খুঁজছেন।
কর্মক্ষেত্রে বিশ্বকাপের বাস্তব প্রভাব মূল্যায়ন করতে ইউকেজি বিশ্বের শীর্ষ সারির আট দেশের ওপর এ গবেষণা চালায়। অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, মেক্সিকো, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রায় আট হাজার কর্মীর মতামত নিয়ে এ প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...