টানা তৃতীয়বারের মতো ফুটবল বিশ্বকাপ মিস করছে ইতালি। ফুটবলের বিশ্বমঞ্চের বাছাই পর্বের বৈতরণী পেরোতে ব্যর্থ হওয়ার দুদিন বাদেই পদত্যাগ করেছেন ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল গ্রাভিনা। পদত্যাগের চাপ থাকলেও শুরুতে ‘না’ করে দিয়েছিলেন অবশ্য। তবে বৃহস্পতিবার মত পাল্টে গ্রাভিনা সরে যাওয়ার সিদ্ধান্ত জানান। তারপর দায়িত্ব ছেড়েছেন ইতালির ফুটবল প্রতিনিধিদলের প্রধান ও কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। দীর্ঘ ও আবেগঘন এক বিবৃতিতে নিজের পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন সর্বকালের অন্যতম সেরা এই গোলকিপার।
বিবৃতিতে বুফন বলেন, ‘বসনিয়া ম্যাচ শেষ হওয়ার এক মিনিট পরই পদত্যাগপত্র দেওয়া ছিল একেবারে আবেগী সিদ্ধান্ত। এটা মনের গভীর থেকে উঠে আসা বিষয়। যেমনটা স্বতঃস্ফূর্ত ছিল আমার চোখের পানি আর বুকের ভেতরের কষ্ট। এই কষ্ট আমি আপনাদের সবার সঙ্গেই ভাগ করে নিচ্ছি।’
বিশ্বকাপের টিকিট কাটতে না পারায় ইতালি ফুটবলের ওপর দিয়ে সমালোচনার ঝড় বইছে। তাতে বারবার কেঁপে উঠছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। শুরু হয়েছে পদত্যাগের হিড়িক। তাই তো গ্রাভিনার পর পদত্যাগ করেছেন বুফন। এখানেই শেষ নয়, চাকরি ছেড়েছেন ইতালিয়ান কোচ জেন্নারো গাত্তুসোও।
সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, ইতালির কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন গাত্তুসো। ইতালিয়ান সংবাদমাধ্যম বলছে, গাত্তুসোর বদলি হিসেবে চারজন কোচ নিয়ে আলোচনা শুরু হয়েছে। এ তালিকায় রয়েছেন রবার্তো মানচিনি, অ্যান্তোনিও কন্তে, ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি ও পেপ গার্দিওলা। তবে ইতালির কোচ হওয়ার লড়াইয়ে মানচিনি এগিয়ে বলে সংবাদ প্রকাশ করেছে ‘লা গাজেত্তা দেয়ো স্পোর্ত।’ কেননা, মানচিনির কোচিংয়েই ২০২০ ইউরো শিরোপা নিজেদের করে নিয়েছিল ইতালি।
২০১৮ সালে গ্রাভিনা দায়িত্ব নেওয়ার পর ২০২২ ও ২০২৬ বিশ্বকাপের টিকিট কাটতে পারেনি আজ্জুরি শিবির। তার আগের সভাপতি পদত্যাগ করেছিলেন ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ইতালি নাম লিখতে না পারায়। মঙ্গলবার রাতে বসনিয়া ও হার্জেগাভিনার কাছে টাইব্রেকারে হেরে এবারের যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ফুটবলের বৈশ্বিক আসরে উঠতে ব্যর্থ হয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

