২০২৬ বিশ্বকাপের পর প্রথমবারের মতো ইন্টার মিয়ামির শুরুর একাদশে নেমেই নিজের জাত চেনালেন লিওনেল মেসি। জোড়া গোল ও চমৎকার এক অ্যাসিস্টে লিগস কাপের ম্যাচে মেক্সিকোর ক্লাব সান লুইসকে ৪–২ গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি। এই জয়ের সঙ্গে টুর্নামেন্টের ইতিহাসেও এক নতুন মাইলফলক স্পর্শ করেছেন আর্জেন্টাইন মহাতারকা।
সান লুইসের বিপক্ষে জোড়া গোল করে লিগস কাপের ইতিহাসের একক সর্বোচ্চ গোলদাতা (১৪ গোল) হওয়ার রেকর্ড গড়েছেন মেসি। ২০২৩ সালে নতুন আঙ্গিকে টুর্নামেন্টটি শুরুর পর লস অ্যাঞ্জেলেস এফসির দেনি বুয়াঙ্গার ১২ গোলের রেকর্ড ভাঙেন তিনি। লিগস কাপে এ পর্যন্ত ১২ ম্যাচ খেলে ৫ ম্যাচ জোড়া গোল করার কৃতিত্ব দেখালেন মেসি।
ম্যাচের সূচনাটা মিয়ামির জন্য সুখকর ছিল না। খেলা শুরুর মাত্র ৪ মিনিটে ডেভিড রদ্রিগেজের গোলে এগিয়ে যায় সান লুইস। তবে ১১ মিনিটে অ্যালেনের বাড়িয়ে দেওয়া পাস থেকে এক দৃষ্টিনন্দন ভলিতে গোল করে দলকে ১–১ সমতায় ফেরান মেসি। ২০২৬ বিশ্বকাপের পর ক্লাব জার্সিতে এটিই তার প্রথম গোল।
২৬ মিনিটে তেলাসকো সেগোভিয়ার গোলে ২–১ ব্যবধানে এগিয়ে যায় মিয়ামি। এরপর ৪৪ মিনিটে ডি-বক্সের ভেতর বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। প্রথমার্ধের যোগ করা সময়ের ৭ মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে হেডে গোল করে ব্যবধান ৪–১ বানান মিকায়েল।
দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে সান লুইসের রাফায়েল লোরেন্তে একটি গোল শোধ করলে ব্যবধান দাঁড়ায় ৪–২। ফ্লোরিডার প্রবল বৃষ্টির কারণে দ্বিতীয়ার্ধে খেলা প্রায় আধা ঘণ্টা বন্ধ থাকে। পুনরায় খেলা শুরু হলেও সান লুইস আর ঘুরে দাঁড়াতে পারেনি।
এই জয়ে লিগস কাপের অভিযান সফলভাবে শুরু করল ইন্টার মিয়ামি। প্রতিযোগিতায় তাদের পরবর্তী ম্যাচ আগামী ৯ আগস্ট, যেখানে মেক্সিকোর অপর শক্তিশালী ক্লাব মন্তেরেইয়ের মুখোমুখি হবে তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

