রদ্রির জন্য বার্সার দ্বিতীয় প্রস্তাবও ফিরিয়ে দিল সিটি

রদ্রির জন্য বার্সার দ্বিতীয় প্রস্তাবও ফিরিয়ে দিল সিটি

স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়ানোর প্রক্রিয়ায় নতুন বাধার মুখে পড়েছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির পক্ষ থেকে পাঠানো দ্বিতীয় প্রস্তাবটিও ফিরিয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। রদ্রিকে পাওয়ার জন্য বার্সা ৬০ মিলিয়ন ইউরো প্রস্তাব করলেও ইংলিশ ক্লাবটি তা পর্যাপ্ত মনে করেনি।

এর আগে স্প্যানিশ তারকার জন্য প্রথম দফায় ৪৫ মিলিয়ন ইউরো প্রস্তাব করেছিল বার্সেলোনা, যা সিটি কর্তৃপক্ষ সরাসরি নাকচ করে দেয়। পরবর্তী সময়ে সেই প্রস্তাব বাড়িয়ে ৬০ মিলিয়ন ইউরো করা হলেও সিটির মন গলাতে পারেনি। ব্রিটিশ দৈনিক দ্য টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রদ্রির ট্রান্সফার ফি বাবদ অন্তত ৭০ মিলিয়ন ইউরো এবং তার সঙ্গে অতিরিক্ত অ্যাড-অনস দাবি করছে ম্যানচেস্টার সিটি।

বিজ্ঞাপন

বার্সেলোনা তাদের প্রস্তাব উন্নত করলেও সিটির দাবীকৃত ৭০ মিলিয়ন ইউরো এবং অ্যাড-অনসের অঙ্কের সঙ্গে কিছুটা ব্যবধান রয়ে গেছে।

ম্যানচেস্টার সিটির সঙ্গে রদ্রির বর্তমান চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর বাকি রয়েছে। যদি দুই পক্ষ নতুন চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তবে আগামী গ্রীষ্মে ফ্রি এজেন্ট হিসেবে কোনো ট্রান্সফার ফি ছাড়াই ক্লাব ছাড়তে পারবেন এই স্প্যানিশ তারকা।

চুক্তির মেয়াদ শেষের পথে থাকলেও রদ্রির মূল্য কমাতে নারাজ সিটি। ক্লাবের কাছে তিনি অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার মাঠের অভিজ্ঞতা ও দলের সাফল্যে অবদান বিবেচনায় নিয়ে কাঙ্ক্ষিত অর্থ আদায়ে অনড় রয়েছে ইংলিশ ক্লাবটি।

দুই ক্লাবের চাওয়ার মধ্যে আর্থিক ব্যবধান থাকলেও রদ্রিকে নিয়ে হানসি ফ্লিকের দলের আগ্রহ একটুও কমেনি। বরং এই ট্রান্সফারে সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো খেলোয়াড়ের নিজের অবস্থান। স্প্যানিশ এই মিডফিল্ডার নিজে বার্সেলোনাতে যোগ দিতে অত্যন্ত আগ্রহী।

চুক্তির শেষ ১২ মাসে প্রবেশ করা এবং রদ্রির ব্যক্তিগত ইচ্ছা—এই দুই বিষয় বার্সেলোনাকে আত্মবিশ্বাসী করে তুলেছে। কাতালান ক্লাবটি আশা করছে, খেলোয়াড়ের নিজের ইচ্ছা শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটির অবস্থান নরম করতে এবং ট্রান্সফার সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন