সালাহর জন্য ট্রাবজোনস্পোরের লোভনীয় প্রস্তাব

সালাহর জন্য ট্রাবজোনস্পোরের লোভনীয় প্রস্তাব

ইউরোপিয়ান ট্রান্সফার মার্কেটে বড় চমক দেখাতে চাচ্ছে ক্লাব ট্রাবজোনস্পোর। মোহাম্মদ সালাহকে দলে ভেড়াতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই তুর্কি ক্লাব। লিভারপুলের সাবেক মিসরীয় ফরোয়ার্ডকে দলে টানতে উঠেপড়ে লেগেছিল আরেক তুর্কি ক্লাব বেসিকতাস। সালাহর সঙ্গে চুক্তি নিয়ে তাদের আলোচনা প্রাথমিক সমঝোতায় পৌঁছে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে অবিশ্বাস্য আর্থিক প্রস্তাব দিয়ে দলবদলের বাজারে হইচই ফেলে দিয়েছে ট্রাবজোনস্পোর।

তুর্কি ক্রীড়া সাংবাদিক ইয়াগিজ সাবুনকোগলু জানিয়েছেন, বেসিকতাসের হাত থেকে সালাহকে কেড়ে নিয়েছে ট্রাবজোনস্পোর। ক্লাবটির কর্তৃপক্ষ এরই মধ্যে সালাহর সঙ্গে আলোচনা শেষ করেছে। প্রস্তাবে রাজি হলে দুবছরের জন্য সালাহকে প্রতি বছর এক কোটি ৭০ লাখ ইউরো পারিশ্রমিক দেবে ট্রাবজোনস্পোর। এর আগে বেসিকতাস এক বছরের চুক্তিতে ১০ মিলিয়ন ইউরো দেওয়ার প্রস্তাব দিয়েছিল। সে তুলনায় ট্রাবজোনস্পোর বছরে আরো ৭০ লাখ ইউরো বেশি দিতে রাজি।

বিজ্ঞাপন

লিভারপুলের সঙ্গে ৯ বছরের সম্পর্ক চুকিয়ে গত ১ জুলাই থেকে ফ্রি এজেন্ট হয়ে আছেন সালাহ। এ কারণে মিসরীয় এ ফুটবল রাজপুত্রকে পেতে কোনো ট্রান্সফার ফি দিতে হচ্ছে না। মাঝে সৌদি প্রো লিগে যোগ দেওয়ার জোরালো আওয়াজ শোনা গিয়েছিল অবশ্য। তবে সিদ্ধান্ত পাল্টে ২০১৯ সালের চ্যাম্পিয়নস লিগজয়ী এ তারকা ইউরোপিয়ান ফুটবলেই থেকে যাচ্ছেন।

পরিবারের সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সালাহ। ট্রাবজোনস্পোরের সঙ্গে এখন সালাহর জার্সি বিক্রির লভ্যাংশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সালাহ ২০ থেকে ২৫ শতাংশ শেয়ার চাচ্ছেন। এ নিয়ে অবশ্য দুপক্ষই ইতিবাচক। সবকিছু ঠিক থাকলে খুব দ্রুতই আনুষ্ঠানিকভাবে তুর্কি সুপার লিগে সালাহর নতুন অভিযাত্রা শুরু হয়ে যেতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন