জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের তীব্র সমালোচনা করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি বলেছেন, একটি একক পরাশক্তির আধিপত্য বিশ্ববাসীর জন্য ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
লাভরভের ভাষ্য, দক্ষিণ ও পূর্বাঞ্চলের দেশগুলো নিজেদের ‘সার্বভৌম উন্নয়নকেন্দ্র’ হিসেবে প্রতিষ্ঠিত করায় বিশ্বে একটি আরো ন্যায়সংগত বহুমেরুকেন্দ্রিক ব্যবস্থা গড়ে উঠছে। তার মতে, এ পরিবর্তন বিশ্ব রাজনীতিতে ভারসাম্য তৈরির পথকে এগিয়ে নিচ্ছে।
অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের বসতি সম্প্রসারণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি সতর্ক করে বলেন, বসতি সম্প্রসারণ অব্যাহত থাকলে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় ভূখণ্ড আর অবশিষ্ট থাকবে না। ফলে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা কার্যত অসম্ভব হয়ে পড়তে পারে।
ফিলিস্তিনের পাশাপাশি লেবানন, সিরিয়া, ইয়েমেন, ইরাক, সুদান, সোমালিয়া ও দক্ষিণ সুদানের পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান লাভরভ। একই সঙ্গে কিউবার ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা কঠোর অবরোধ প্রত্যাহারের দাবিও পুনর্ব্যক্ত করেন তিনি।
নাৎসি জার্মানির পরাজয়ের পর নুরেমবার্গ বিচার শেষ হওয়ার ৮০ বছর পূর্তির প্রসঙ্গও বক্তব্যে তুলে ধরেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ওই বিচারের শিক্ষা এখনো সবাই গ্রহণ করেনি।
লাভরভ অভিযোগ করেন, ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন সরকার ‘ইউক্রেনীয় নাৎসিবাদ’ সহ্য করছে। পাশাপাশি রুশ ভাষা ব্যবহারের ওপরও বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
সূত্র: আল জাজিরা
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


