যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যেই ফিলিস্তিনের শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ ও দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ অবস্থান তুলে ধরেন।
হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের একতরফাভাবে অন্য দেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া উচিত নয়। বিরোধ নিরসনে সংঘাতের পরিবর্তে আলোচনা ও কূটনৈতিক পথ অনুসরণের ওপর গুরুত্ব দেন তিনি। তার মতে, আন্তর্জাতিক আইন মেনে বড় দেশগুলোর দায়িত্বশীল আচরণই বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ভিত্তি হতে পারে।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি প্রসঙ্গে চীনের এই নেতা উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব, স্বাধীনতা ও নিরাপত্তার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান। একই সঙ্গে বৈশ্বিক বাণিজ্য স্বাভাবিক রাখতে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা সচল রাখার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
ফিলিস্তিন ও গাজার ভবিষ্যৎ নিয়ে হান ঝেং বলেন, নিজেদের দেশ পরিচালনার অধিকার ফিলিস্তিনিদেরই থাকতে হবে। এই নীতিকে ভিত্তি করে পশ্চিম তীরের উন্নয়ন এবং যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠন এগিয়ে নেওয়ার কথা বলেন তিনি। পাশাপাশি দীর্ঘমেয়াদি সমাধানের জন্য দ্রুত দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের পথে ফিরে যাওয়ার ওপর জোর দেন।
বিশ্বের অন্যান্য সংঘাত নিয়েও বক্তব্য দেন হান ঝেং। ইউক্রেনের যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠায় চীন নিজস্ব উদ্যোগে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। একই সঙ্গে কিউবার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা ও হুমকি প্রত্যাহারের আহ্বান জানান চীনের উপ-রাষ্ট্রপতি।
প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসঙ্গে তিনি বলেন, এআইসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার মানুষের কল্যাণে নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ডিজিটাল বৈষম্য কমিয়ে বিশ্বের সব মানুষের জন্য প্রযুক্তিগত সুযোগ আরও সমান করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সূত্র: আনাদোলু এজেন্সি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


