যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবার বেড়েছে। বিনিয়োগকারীরা ফেডের সিদ্ধান্তের প্রভাব পর্যালোচনা করছেন। একই সঙ্গে বছরের শেষ নাগাদ আরো সুদহার বাড়ানোর ইঙ্গিত দিয়েছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যেই কিছুটা কমেছে তেলের দাম।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ১০টা ৪৩ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ৪ হাজার ২৯৫ দশমিক ২৬ ডলারে দাঁড়ায়। এর আগের দিন বুধবার সকাল ৯টা ১০ মিনিটে দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ৪ হাজার ৩২৮ দশমিক ৩৯ ডলারে উঠেছিল। তবে পরে বুধবারই স্বর্ণের দাম হঠাৎ প্রায় ছয় সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। আজ আবারও বাড়ল মূল্যবান এই ধাতুটির দাম।
অন্যদিকে ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার মূল্য ১ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৩৩ দশমিক ৯০ ডলারে নেমেছে।
সৌদি আরব ওমানের মাধ্যমে অতিরিক্ত অপরিশোধিত তেল সরবরাহের প্রস্তাব দিয়েছে—এমন খবর প্রকাশের পর তেলের দাম কমেছে। এতে আগের দরপতন আরো বাড়ে।
বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেন, তেলের দামের গতিপথ এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তেলের দাম কমতে থাকলে মধ্যমেয়াদে তা স্বর্ণের দাম বাড়াতে সহায়তা করতে পারে। তবে তেলের দাম কমা অব্যাহত না হওয়া পর্যন্ত স্বর্ণের দাম একটি নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করতে পারে।
ওং আরো বলেন, স্বর্ণের সাম্প্রতিক মূল্যবৃদ্ধিতে কারিগরি বাজার পরিস্থিতিও বড় ভূমিকা রাখছে। ফেডের কঠোর নীতির বার্তা এরই মধ্যে বাজারদরে অনেকটাই প্রতিফলিত হয়েছে।
সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষিত বিনিয়োগ হিসেবে স্বর্ণকে বিবেচনা করা হয়। তবে সুদহার বাড়লে সুদনির্ভর সম্পদে বিনিয়োগের আকর্ষণ বাড়ে। এতে স্বর্ণের আকর্ষণ কিছুটা কমে যায়।
বুধবার ফেড সুদহার বাড়ানোর পাশাপাশি চলতি বছরের শেষ নাগাদ আরও সুদহার বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। নতুন মার্কিন কেন্দ্রীয় ব্যাংক প্রধান কেভিন ওয়ার্শসহ ১৮ জন নীতিনির্ধারক এ সিদ্ধান্তে একমত হয়েছেন।
ফেডের সর্বশেষ ত্রৈমাসিক অর্থনৈতিক পূর্বাভাস অনুযায়ী, ১৮ জন নীতিনির্ধারকের মধ্যে ১৬ জন বছরের শেষ নাগাদ অন্তত আরও একবার ০ দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট সুদহার বাড়ানোর পক্ষে মত দিয়েছেন। বাকি দুজন সুদহার বর্তমান অবস্থায় রাখার পক্ষে রয়েছেন।
এদিকে বৃহস্পতিবার ব্যাংক অব ইংল্যান্ড সুদহার অপরিবর্তিত রাখবে বলে ধারণা করা হচ্ছে। তবে জ্বালানির দাম বাড়তে থাকলে দেশটির কেন্দ্রীয় ব্যাংকও ফেডের মতো সুদহার বাড়ানোর পথে যাবে কি না, সেদিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা।
বাজারে ভূরাজনৈতিক পরিস্থিতিরও প্রভাব রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের অবসান কাছাকাছি বলে তিনি আশা করছেন। সাত মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে সৌদি আরব ইয়েমেনে হামলা জোরদার করেছে। অন্যদিকে হুথি যোদ্ধারা সৌদি শহরগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
এদিকে স্পট মার্কেটে রুপার দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৩ দশমিক ৭৩ ডলারে উঠেছে। প্লাটিনামের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৭৮৩ দশমিক ৫৬ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে ১ হাজার ২৯৬ দশমিক ৭০ ডলারে দাঁড়িয়েছে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

