ইরানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৬০ জনের বেশি ব্যক্তিকে কারাদণ্ড দেওয়ার ঘটনায় বাহরাইনের নিন্দা জানিয়েছে তেহরান। বাহরাইনের একটি আদালত তাদের ১৫ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ গঠন ও পরিচালনার অভিযোগে তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে।
বাহরাইনের আদালতের এই রায়ের সমালোচনা করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘তুচ্ছ অজুহাতে বাহরাইনের একদল ধর্মীয় নেতা ও নাগরিকের বিরুদ্ধে অন্যায্য সাজা ঘোষণা করাকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মানবাধিকার লঙ্ঘনের একটি পদ্ধতিগত ও ব্যাপক ঘটনা হিসেবে দেখছে।’
বিবৃতিতে বাহরাইনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রশাসনের অনুসরণ করে সাম্প্রদায়িক উত্তেজনা উসকে দেওয়ার অভিযোগও করেছে ইরান।
এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক একটি বক্তব্যের কথা উল্লেখ করেছে তেহরান। ওই বক্তব্যে রুবিও বলেছিলেন, মধ্যপ্রাচ্যের প্রতিটি বড় সমস্যার পেছনে ইরানের শিয়া নেতারা রয়েছেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়, ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া অভিযোগ আনা থেকে স্পষ্ট যে, বাহরাইনের শাসকেরা মানুষের অধিকার আদায়ের যেকোনো প্রচেষ্টা দমনে বিচারব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।’
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


