বিশ্ববাজারে আবারও কমল স্বর্ণের দাম

বিশ্ববাজারে আবারও কমল স্বর্ণের দাম
ছবি: রয়টার্স

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম দুই মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ওঠার পর আবার কমেছে। বৃহস্পতিবার লেনদেনের শুরুতে আউন্সপ্রতি দাম ৪ হাজার ৪৪৯ দশমিক ৩৯ ডলারে উঠেছিল। তবে পরে বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিতে শুরু করায় দাম ১ শতাংশের বেশি কমে যায়।

যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পর স্বর্ণের দামে এই ঊর্ধ্বগতি দেখা দেয়। মূল্যস্ফীতির তথ্য বাজারের প্রত্যাশার সঙ্গে মিলে যাওয়ায় আগামী মাসে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার বাড়ানোর আশঙ্কাও কমেছে। এতে স্বর্ণের দামে কিছুটা ইতিবাচক প্রভাব পড়ে।

বিজ্ঞাপন

শুক্রবার ইডিটি সময় রাত ১২টা ৫৮ মিনিটে স্পট গোল্ডের দাম ১ দশমিক ২ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৩৫৪ দশমিক ৫৮ ডলারে নেমে আসে। এর আগে লেনদেনের শুরুতে যে ৪ হাজার ৪৪৯ দশমিক ৩৯ ডলারে উঠেছিল, সেটিই ছিল গত ৫ জুনের পর স্বর্ণের সর্বোচ্চ দাম।

যুক্তরাষ্ট্রের ফিউচারস বাজারেও স্বর্ণের দাম কমেছে। সেখানে ১ দশমিক ১ শতাংশ কমে আউন্সপ্রতি দাম ৪ হাজার ৪২০ দশমিক ৪০ ডলারে স্থির হয়েছে।

৪ হাজার ৫০০ ডলারের স্তরে বাধা

স্বর্ণের দামের সাম্প্রতিক ওঠানামা নিয়ে বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান স্টোনএক্সের জ্যেষ্ঠ বাজার কৌশলবিদ বব হ্যাবারকর্ন বলেন, আউন্সপ্রতি ৪ হাজার ৫০০ ডলার স্বর্ণের জন্য বড় একটি রেসিস্ট্যান্স পয়েন্ট।

হ্যাবারকর্ন বলেন, স্বর্ণের দাম দুবার এই স্তরের কাছাকাছি পৌঁছেছে। প্রতিবারই সেখান থেকে দাম কমে গেছে। ফলে দাম ৪ হাজার ৫০০ ডলারের কাছাকাছি এলেই ব্যবসায়ীদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হচ্ছে।

অন্যান্য ধাতুর দামও কমেছে

বিশ্ববাজারে স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট রুপার দাম ১ দশমিক ২ শতাংশ কমে আউন্সপ্রতি ৬৪ দশমিক ৫১ ডলারে নেমেছে।

প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৪ শতাংশ কমে আউন্সপ্রতি ১ হাজার ৭১৫ দশমিক ৫৪ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম কমেছে ৩ দশমিক ৯ শতাংশ। আউন্সপ্রতি এর দাম নেমে এসেছে ১ হাজার ৩১৬ দশমিক ২৮ ডলারে।

গোল্ড ইটিএফে ব্যাংক অব কোরিয়ার বিনিয়োগ

এদিকে এসইসি ফাইলিংয়ের তথ্য অনুযায়ী, জুনের শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত গোল্ড ইটিএফে ব্যাংক অব কোরিয়ার ২৫ কোটি বা ২৫০ মিলিয়ন ডলারের বিনিয়োগ ছিল।

বাজার বিশ্লেষকদের মতে, স্বর্ণের দাম ৪ হাজার ৫০০ ডলারের স্তরের দিকে এগোলেই বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা বাড়ছে। সাম্প্রতিক দরপতনেও এর প্রভাব দেখা গেছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন