তুরস্কে সিরিয়া সরকার ও হিজবুল্লাহর গোপন বৈঠক

তুরস্কে সিরিয়া সরকার ও হিজবুল্লাহর গোপন বৈঠক
ছবি: সংগৃহীত

তুরস্কে সিরিয়া সরকার ও লেবাননের হিজবুল্লাহ প্রতিনিধিদের মধ্যে গোপন বৈঠক হয়েছে। এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিষয়টি সম্পর্কে অবগত ছয়টি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, সেপ্টেম্বরে অনুষ্ঠিত ওই বৈঠকে দুই পক্ষের মধ্যে নিরাপত্তাসংক্রান্ত উত্তেজনা কমানোর বিষয়ে আলোচনা হয়।

তবে রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর তুরস্কের প্রেসিডেন্সির যোগাযোগ অধিদপ্তর এবং সিরিয়া সরকার এ খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে উল্লেখ করেছে। হিজবুল্লাহ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

বিজ্ঞাপন

সূত্রগুলোর দাবি, তুরস্কের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার উদ্যোগে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সিরিয়া হিজবুল্লাহকে দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান জানায় এবং সীমান্তপথে অস্ত্র পাচার ও সিরিয়ায় থাকা হিজবুল্লাহর অবশিষ্ট নেটওয়ার্ক বন্ধে সহযোগিতা চায়। বিনিময়ে সিরিয়া লেবাননে হিজবুল্লাহকে নিরস্ত্র করতে সামরিক হস্তক্ষেপ করবে না বলে আশ্বাস দিয়েছে বলে দাবি করা হয়।

তবে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। বৈঠকে ইরান সরাসরি অংশ নেয়নি। সূত্রের ভাষ্য, হিজবুল্লাহর প্রধান পৃষ্ঠপোষক ইরান বৈঠক সম্পর্কে অবগত থাকলেও সরাসরি অংশ নিতে না পারায় অসন্তুষ্ট ছিল।

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের পক্ষে দীর্ঘদিন লড়াই করেছিল হিজবুল্লাহ। ২০২৪ সালের শেষ দিকে আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর দামেস্কের নতুন সরকারের সঙ্গে গোষ্ঠীটির সম্পর্কের অবনতি ঘটে। সাম্প্রতিক যোগাযোগকে সেই উত্তেজনা কমানোর একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: রয়টার্স

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন