গাজায় ইসরাইলের হামলায় ২১ জন নিহত

গাজায় ইসরাইলের হামলায় ২১ জন নিহত

গাজায় শনিবার ভোর থেকে ইসরাইলি হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে এক নারী এবং দুই শিশুও রয়েছে।

আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, আল-মাওয়াসি এলাকায় ইসরাইলের বিমান হামলায় নিহত হন আটজন ফিলিস্তিনি। অব্যাহত ইসরাইলি আগ্রাসনে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা অনেকেই এখানে তাঁবুতে আশ্রয় নিয়েছিলেন।

বিজ্ঞাপন

শনিবার সারারাত ধরে গাজার বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরাইল। এছাড়া, গাজা সিটির উত্তরপশ্চিমে একটি স্কুলে বিমান হামলা চালায় ইসরাইল। যেখানে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন। এতে দুই ফিলিস্তিনি নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়।

এছাড়া নেতজারিম ত্রাণ শিবিরে ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালায় ইসরাইলি সেনা সদস্যরা। এতে ১০ জন আহত হয়।

গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া আল-বালাদে দুই বাড়িতে গোলাবর্ষণ করে ইসরাইলি সেনাবাহিনী। এতে আটজন আহত হয়।

এদিকে, শুক্রবার ইসরাইলের সংবাদমাধ্যম হারেৎজ এক প্রতিবেদনে জানায়, ইসরাইলি সেনারা স্বীকার করেছেন যে, গাজায় ত্রাণ শিবিরে সাহায্য নিতে আসা ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় নৃশংস সামরিক আগ্রাসন চালিয়ে আসছে ইসরাইলি সেনাবাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সাল থেকে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৫৬ হাজার ৩০০ জনের বেশি।

গত নভেম্বরে, আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন