মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা আরো বেড়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার মধ্যে মঙ্গলবার ড্রোন হামলার শিকার হওয়ার কথা জানিয়েছে কুয়েতের সেনাবাহিনী। একই সময়ে ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা এবং বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ড্রোন হামলার ঘটনা ঘটেছে।
কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শত্রুপক্ষের ড্রোন হামলা প্রতিহত করছে।
এর আগে ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপে কয়েক দফা হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্র লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। তবে ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, এতে কোনো আবাসিক, বাণিজ্যিক বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়নি।
অন্যদিকে, বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটিতে মার্কিন পরিচালিত রাডার ব্যবস্থায় ড্রোন হামলার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। যুক্তরাষ্ট্র জানিয়েছে, ড্রোনগুলো প্রতিহত করা হয়েছে এবং তাদের কোনো সরঞ্জাম বা সদস্যের ক্ষতি হয়নি। বাহরাইনও জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হামলা ঠেকিয়েছে।
এদিকে হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী ট্যাংকার নৌমাইনে আঘাতপ্রাপ্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। যুদ্ধ শুরুর পর থেকে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করছে তেহরান। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়।
সোমবার ওমানের উপকূলেও দুটি ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে পানামার পতাকাবাহী ‘তারা গ্যাস’ ট্যাংকারে দ্বিতীয় দফা হামলার পর নাবিকেরা জাহাজ ছেড়ে যান। ২৫ জন নাবিকের মধ্যে একজন ভারতীয় নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।
এদিকে উত্তেজনার মধ্যেও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। ওমানে বৈঠকে ইরান ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীরা নৌ চলাচলের নিরাপত্তা ও কূটনৈতিক সমাধানের বিষয়ে আলোচনা করেছেন।
অন্যদিকে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরি ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’ পৌঁছেছে। বৃহস্পতিবার চীনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্ভাব্য বৈঠকেও ইরান যুদ্ধ গুরুত্ব পেতে পারে।
সূত্র: আলজাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



