তাইওয়ানের স্থানীয় সরকার নির্বাচনে এক দশকের মধ্যে সবচেয়ে ভালো ফল করেছে ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি)। শনিবার অনুষ্ঠিত নির্বাচনে দলটি ২২টি মেয়র ও কাউন্টি ম্যাজিস্ট্রেট পদের মধ্যে ১০টিতে জয় পেয়েছে। চার বছর আগে অনুষ্ঠিত আগের নির্বাচনে দলটি মাত্র পাঁচটি আসনে জয় পেয়েছিল। এবারের ফলাফলে দলটির নিয়ন্ত্রণাধীন এলাকার সংখ্যা দ্বিগুণ হয়েছে। এই ফল বেইজিংকে ক্ষুব্ধ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ডিপিপির নেতৃত্বে রয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি (সিসিপি) তাকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে বিবেচনা করে। বেইজিংয়ের চোখে লাই এমন একজন নেতা, যিনি চীন ও তাইওয়ানকে একীভূত করার পরিকল্পনার বিরোধিতা করেন।
স্বশাসিত দ্বীপ তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে চীন। তবে তাইওয়ানের অধিকাংশ মানুষ এই অবস্থান প্রত্যাখ্যান করেন।
নির্বাচনে তাইওয়ানের প্রধান বিরোধী দল কুওমিনতাং (কেএমটি) ১১টি পদে জয় পেয়েছে। আগের নির্বাচনে দলটি ১৪টি পদে জয়ী হয়েছিল। তবে রাজধানী তাইপে এবং এর পার্শ্ববর্তী নিউ তাইপের নিয়ন্ত্রণ ধরে রাখতে পেরেছে দলটি।
রোববার এক বিবৃতিতে চীনের তাইওয়ানবিষয়ক দপ্তর নির্বাচনের ফলাফল সম্পর্কে বলেছে, তারা বিষয়টি ‘লক্ষ করেছে’। একই সঙ্গে দপ্তরটি বলেছে, চীনের সঙ্গে তাইওয়ানের পুনরেকত্রীকরণ ঠেকানো সম্ভব নয়।
বিবৃতিতে বলা হয়, ‘দ্বীপটির অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে যে পরিবর্তনই আসুক না কেন, তাইওয়ান প্রণালির দুপাশের যোগাযোগ ও বিনিময়ের অগ্রগতির ধারা বদলানো যাবে না। তা ছাড়া মাতৃভূমির পুনরেকত্রীকরণ যে অনিবার্য, সেই ঐতিহাসিক ধারাও থামানো যাবে না।’
এবারের স্থানীয় নির্বাচনে চীন ও তাইওয়ানের সম্পর্কের চেয়ে জীবনযাত্রার ব্যয়, আবাসনের খরচ এবং সম্পদ বণ্টনের মতো বিষয় বেশি গুরুত্ব পেয়েছে। তবে রাজধানী তাইপে ও নিউ তাইপেতে কেএমটির জয় চীনকে স্বস্তি দেবে বলে মনে করেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ বিশ্লেষক উইলিয়াম ইয়াং।
কেএমটি চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার পক্ষে। তাইপে ও সাংহাইয়ের মধ্যে বার্ষিক ফোরাম চীন ও তাইওয়ানের মধ্যে চালু থাকা হাতে গোনা কয়েকটি গুরুত্বপূর্ণ যোগাযোগের একটি।
তাইপেতে হাড্ডাহাড্ডি লড়াই
তাইপের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা ছিল কেএমটির বর্তমান মেয়র চিয়াং ওয়ান-আন এবং ডিপিপির আইনপ্রণেতা পুমা শেনের মধ্যে। চীনের নিষেধাজ্ঞার মুখে থাকা শেন একজন আইনপ্রণেতা। শনিবার বিকেলে ফলাফল দেখতে তার নির্বাচনি কার্যালয়ের বাইরে জড়ো হন হাজারো সমর্থক।
শুরুতে সমর্থকদের মধ্যে আশাবাদ দেখা যায়। তারা ‘পুমা, এগিয়ে যাও’ এবং ‘ঘুরে দাঁড়াও’ বলে স্লোগান দেন। কিন্তু চিয়াংয়ের ব্যবধান বাড়তে থাকলে পরিস্থিতি বদলে যায়। সমর্থকদের মধ্যে নেমে আসে হতাশা।
রাত ৮টার কিছু আগে মঞ্চে উঠে পরাজয় মেনে নেন শেন। এ সময় তাকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অভিবাদন জানান সমর্থকেরা।
শেন বলেন, ‘ফলাফল ঘোষণা করা হয়েছে এবং আমি হেরে গেছি।’
আবেগাপ্লুত হয়ে তিনি জানান, ভবিষ্যতেও কঠোর পরিশ্রম করে যাবেন।
তিনি বলেন, ‘আজ রাতে তাইপের মানুষ সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিয়েছেন। বিদেশি গণমাধ্যমকে দেওয়া আগের সাক্ষাৎকারগুলোতেও আমি বলেছি, আজ যিনিই জিতুন না কেন, এটি তাইপের জয় এবং গণতন্ত্রের জয়।’
অপরাধবিজ্ঞানী থেকে রাজনীতিতে আসা শেন কুমা একাডেমির সহপ্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠানটি তাইওয়ানের নাগরিকদের জন্য বেসামরিক প্রতিরক্ষা প্রশিক্ষণের আয়োজন করে। সম্ভাব্য চীনা আগ্রাসনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নেওয়াই এসব প্রশিক্ষণের উদ্দেশ্য।
শেনের সমর্থক ৫০ বছর বয়সি ইয়ান জিং-না পরাজয়ের ঘোষণা শুনে কেঁদে ফেলেন। তিনি বলেন, ‘তিনি কোন দলের, তা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। যতক্ষণ তিনি তাইওয়ানের স্বার্থকে সবার আগে রাখবেন, ততক্ষণ আমি তাকে সমর্থন করব।’
বেইজিং শেনকে ‘তাইওয়ানের স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদী’ হিসেবে আখ্যা দিয়েছে। বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখেন ইয়ান। তার ভাষায়, ‘এটা বেশ ভালো বিষয়।’
তিনি আরো বলেন, ‘তিনি দীর্ঘদিন ধরে তাইওয়ানের অধিকার রক্ষায় কাজ করেছেন। এ কারণেই আমি তাকে সমর্থন করি। কারণ, তাইওয়ানের মানুষ অনেক কঠিন সময় পার করেছেন।’
ইয়ানের মতে, চীনের তাইওয়ানবিরোধী তৎপরতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ভূমিকা রেখেছেন শেন। তিনি বলেন, ‘এ কারণে আমরা উদ্বিগ্ন নই। আমার মনে হয়, তার কারণে তাইওয়ানের ওপর চীনের প্রভাব বিস্তারের চেষ্টা সম্পর্কে এখন অনেক বেশি মানুষ সচেতন।’
নির্বাচনে চীনের হস্তক্ষেপের অভিযোগ
শনিবারের নির্বাচনের আগে ভুল তথ্য ছড়ানো এবং নির্বাচনে হস্তক্ষেপের সন্দেহজনক হাজারো ঘটনা নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন তাইওয়ানের কর্মকর্তারা। এ ছাড়া চীনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের তৈরি শত শত এআই ভিডিওর মাধ্যমে বেইজিংয়ের অপছন্দের তাইওয়ানি রাজনীতিকদের বিরুদ্ধে অপতথ্য ছড়ানোর খবরও পাওয়া গেছে।
দ্বীপটির চারপাশে সামরিক চাপও অব্যাহত রেখেছে চীন। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার ৩৩টি চীনা যুদ্ধবিমান ও আটটি যুদ্ধজাহাজ তাইওয়ানকে ঘিরে অবস্থান করেছিল।
নির্বাচনের ফলাফলের পর ফেসবুকে দেওয়া এক পোস্টে ডিপিপির মনোনীত প্রার্থীদের প্রতি সমর্থন ও আস্থা রাখার জন্য তাইওয়ানের জনগণকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট লাই চিং-তে। তবে তার পোস্টে চীনের প্রসঙ্গ উল্লেখ করা হয়নি।
চীন লাইয়ের সঙ্গে কোনো ধরনের আলোচনা করতে অস্বীকৃতি জানিয়ে আসছে। বেইজিংয়ের দাবি, তিনি একজন বিচ্ছিন্নতাবাদী।
এদিকে রোববার তাইওয়ান সরকার চীনকে দেশটির গণতান্ত্রিক ব্যবস্থা ও জনগণের সিদ্ধান্তের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে।
চীনবিষয়ক নীতিনির্ধারণী সংস্থা মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিল এক বিবৃতিতে বলেছে, শনিবারের নির্বাচনের ফলাফল বেইজিংয়ের বাস্তবসম্মতভাবে মেনে নেওয়া উচিত। একই সঙ্গে তাইওয়ানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত বৈধ সরকারের সঙ্গে আলোচনায় বসা উচিত।
শেনের আরেক সমর্থক ৫১ বছর বয়সি ঝান ইং-ই বলেন, নির্বাচনের ফলাফলে তিনি হতাশ হয়েছেন। তবে গণতন্ত্রে এমনটাই ঘটে বলে মনে করেন তিনি।
ঝান বলেন, ‘আমাদের এই ফলাফল মেনে নেওয়া ছাড়া উপায় নেই। শেষ পর্যন্ত আমাদের এখনো ভোট দেওয়ার স্বাধীনতা রয়েছে। আর এই স্বাধীনতার মূল্য আমাদের বোঝা উচিত।’
তবে নির্বাচনের ফলাফল চীনের সম্ভাব্য হুমকি নিয়ে তার উদ্বেগ আরো বাড়িয়েছে। তিনি বলেন, ‘আমার একটাই ভয়, একদিন যদি আমরা গণপ্রজাতন্ত্রী চীনের শাসনের অধীনে চলে যাই। তাহলে আমরা সবকিছু হারাব।’
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



