যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটির কাছ থেকে গ্রেপ্তার ৫

যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটির কাছ থেকে গ্রেপ্তার ৫
ছবি: রয়টার্স

যুক্তরাজ্যে একটি সামরিক ঘাঁটির কাছে ‘সন্ত্রাসী’ হামলার প্রস্তুতির সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিম ইংল্যান্ডের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড ঘাঁটির কাছে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, রোববার ভোরে তারা তিনটি সন্দেহজনক যানবাহন সম্পর্কে খবর পায়। যানবাহনগুলো ঘাঁটির দিকে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছিল। পরে সশস্ত্র পুলিশ সদস্যরা গিয়ে পাঁচ সন্দেহভাজনকে গ্রেপ্তার করেন।

এরপর ওই এলাকায় ৪০০ মিটার (প্রায় শূন্য দশমিক ২ মাইল) নিরাপত্তাবেষ্টনী তৈরি করা হয়। বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ভ্যানগুলো পরীক্ষা করেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশের প্রায় ৮৫টি পরিবারকে বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়।

পুলিশ বলেছে, তদন্ত এখনো ‘প্রাথমিক পর্যায়ে’ রয়েছে। তবে এই ঘটনায় কারা জড়িত বলে তারা মনে করছে, সে বিষয়ে পুলিশ এখনো কিছু জানায়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সন্দেহভাজনরা ‘বড় ধরনের ক্ষতি’ করতে চেয়েছিল। এ ঘটনায় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ তদন্ত করছে বলেও জানান তিনি।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ঘটনাটিকে স্থানীয় বাসিন্দাদের জন্য ‘গভীরভাবে উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন।

ফেয়ারফোর্ড ঘাঁটি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর বাহিনী ব্যবহার করে আসছে। গত মার্চ থেকে ঘাঁটিটি ব্যবহার করে ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। একই ঘাঁটিতে থাকা মার্কিন বোমারু বিমানগুলোকে হরমুজ প্রণালিতে জাহাজ লক্ষ্য করে হামলা চালানো ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় আঘাত হানার অনুমতিও দিয়েছে যুক্তরাজ্য।

গত জুলাইয়ে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সতর্ক করে বলেছিল, ইরানে হামলার জন্য ব্যবহৃত যেকোনো সামরিক ঘাঁটি বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্য জানিয়েছিল, দেশটির সামরিক বাহিনী যুক্তরাজ্যকে সুরক্ষিত রাখতে প্রস্তুত রয়েছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন