তদন্তে পক্ষপাতের প্রমাণ

গাজার সংবাদ প্রচারে ইসরাইলের পক্ষ নিচ্ছে বিবিসি

গাজার সংবাদ প্রচারে ইসরাইলের পক্ষ নিচ্ছে বিবিসি
বিবিসি কার্যালয় ও ফিলিস্তিনের পতাকা ছবি: সংগৃহীত

গাজায় ইসরাইলের যুদ্ধ নিয়ে সংবাদ প্রচারে বিবিসি ধারাবাহিকভাবে ইসরাইলের পক্ষ নিচ্ছে বলে এক অনুসন্ধানে উঠে এসেছে। সংবাদ বিশ্লেষণবিষয়ক প্ল্যাটফর্ম নিউজকর্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনিদের তুলনায় ইসরাইলের অবস্থান ছয় গুণেরও বেশি বার তুলে ধরেছেন বিবিসির উপস্থাপকেরা।

‘বিবিসি: উড স্যে ফাইলস’ শীর্ষক অনুসন্ধানে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৬ সালের ৪ নভেম্বর পর্যন্ত বিবিসিতে প্রচারিত ৫১ হাজার ৩০৩টি নিউজ অনুষ্ঠান এবং ১ হাজার ৬১৮টি সংবাদ প্রতিবেদন বিশ্লেষণ করা হয়।

বিজ্ঞাপন

অনুসন্ধানে দেখা যায়, গাজায় ইসরাইলের কর্মকাণ্ডের সমালোচকদের সাক্ষাৎকার নেওয়ার সময় বিবিসির উপস্থাপকেরা ২৫২ বার ইসরাইলের পক্ষে যুক্তি তুলে ধরেছেন। বিপরীতে, ইসরাইলের পক্ষের ব্যক্তিদের সাক্ষাৎকারে ফিলিস্তিনিদের বক্তব্য তুলে ধরা হয়েছে মাত্র ১৫ বার।

প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলের সমালোচকদের সাক্ষাৎকারের ৯ দশমিক ৮ শতাংশ ক্ষেত্রে উপস্থাপকেরা ইসরাইলের যুক্তি তুলে ধরেছেন। অন্যদিকে, ইসরাইলের সমর্থকদের সাক্ষাৎকারে ফিলিস্তিনিদের যুক্তি তুলে ধরার হার মাত্র ১ দশমিক ৫ শতাংশ।

নিউজকর্ডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিমা আকরাম বলেন, বিবিসি শুধু ইসরাইলের বক্তব্য প্রচার করছে তাই নয়, বরং অনেক ক্ষেত্রে ইসরাইলের হয়ে নিজেরাই যুক্তি তুলে ধরছে। প্রতিবেদনে আরো দেখা গেছে, ‘ইসরাইল হয়তো বলবে’ এবং ‘ফিলিস্তিনিরা হয়তো বলবে’—এ ধরনের শব্দবন্ধ ব্যবহারের ক্ষেত্রেও ব্যাপক বৈষম্য রয়েছে।

ইসরাইলের কোনো দাবির বিপরীতে ফিলিস্তিনি বা জাতিসংঘের বক্তব্য যুক্ত করা হয়েছে মাত্র ২৫ শতাংশ ক্ষেত্রে। বিপরীতে, ইসরাইলের সমালোচনার পর দেশটির পাল্টা বক্তব্য যুক্ত করা হয়েছে ৪৯ শতাংশ ক্ষেত্রে।

অনুসন্ধানে আরো বলা হয়, ইসরাইলের শীর্ষ নেতাদের বিতর্কিত বক্তব্য যথাযথভাবে তুলে ধরতে ব্যর্থ হয়েছে বিবিসি। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বক্তব্য বিশ্লেষণ করে দেখা যায়, ২৫২টি সাক্ষাৎকারের মধ্যে মাত্র একটিতে বিবিসির উপস্থাপক সরাসরি এসব বক্তব্যের একটি উল্লেখ করেছেন।

আকরাম বলেন, নিরপেক্ষতার কথা বললে ইসরাইল ও ফিলিস্তিন—উভয় পক্ষের ক্ষেত্রে একই মানদণ্ড অনুসরণ করতে হবে। ইসরাইলের সমর্থকদের কাছে যেমন ফিলিস্তিনিদের বক্তব্য তুলে ধরা প্রয়োজন, তেমনি ইসরাইলের বক্তব্য প্রচারের সময় দেশটির নেতাদের নিজস্ব মন্তব্যও যাচাই করা উচিত।

এদিকে, গাজা নিয়ে সংবাদ পরিবেশনে পক্ষপাতের অভিযোগে বিবিসি দীর্ঘদিন ধরেই সমালোচনার মুখে রয়েছে। ২০২৪ সালে সাংবাদিক ও লেখক ওয়েন জোন্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে বিবিসির ১৩ জন বর্তমান ও সাবেক কর্মীর অভিযোগ তুলে ধরা হয়। এতে মধ্যপ্রাচ্যবিষয়ক সম্পাদক রাফি বার্গের বিরুদ্ধে ইসরাইলের দায় আড়াল করার অভিযোগও ছিল। তবে বার্গ ও বিবিসি এসব অভিযোগ অস্বীকার করেছে।

সূত্র: দ্য নিউআরব

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...