নেতানিয়াহুর হাত ধরে যেভাবে ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠল ইসরাইলের রাজনীতি

নেতানিয়াহুর হাত ধরে যেভাবে ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠল ইসরাইলের রাজনীতি
বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : এএফপি

ইসরাইলের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই প্রভাব বিস্তার করে আছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার নেতৃত্বে দেশটির রাজনীতিতে দল ও নীতির চেয়ে ব্যক্তির গুরুত্ব বেড়েছে। ভোটারদের বড় একটি অংশ এখন রাজনৈতিক দল বা তাদের নীতির পরিবর্তে নির্দিষ্ট নেতার প্রতি সমর্থন জানিয়ে ভোট দেন। তবে যে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির বিকাশে নেতানিয়াহুর সবচেয়ে বড় ভূমিকা, সেই রাজনীতিই এখন তার ক্ষমতায় টিকে থাকার লড়াইকে আরো জটিল করে তুলেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার ইসরাইলের নতুন পার্লামেন্ট নেসেটের শপথ গ্রহণ অনুষ্ঠানে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানান নেতানিয়াহু। অন্তত ইহুদি ইসরাইলিদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার ওপর জোর দেন তিনি। মূলত ক্ষমতা ধরে রাখার লক্ষ্যেই তিনি এ আহ্বান জানিয়েছেন বলে মনে করা হচ্ছে। তবে তার বিরোধী জোটের সদস্যরা কটূক্তি, দুয়োধ্বনি ও অধিবেশন বর্জনের মাধ্যমে এর প্রতিবাদ জানান। বিরোধী জোটের হাতে এখন পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ আসন থাকলেও তারা এখনো সরকার গঠন করতে পারেনি।

অভ্যন্তরীণ ও বহিরাগত বিভিন্ন হুমকির কথা তুলে ধরে বিরোধী জোটকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব দেন নেতানিয়াহু। তার দাবি, ইরানের হুমকি এবং ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকদের মধ্য থেকে নির্বাচিত আইনপ্রণেতার সংখ্যা বেড়ে যাওয়া দেশটির জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। এসব আইনপ্রণেতার বিরুদ্ধে ইসরাইল ধ্বংসের চেষ্টা করার অভিযোগও তোলেন তিনি। তবে এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেননি।

নেতানিয়াহু বলেন, ‘আমাদের একটি কাজ করতে হবে—অন্য সব বিবেচনা একপাশে রেখে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে হবে। কেবল এমন একটি সরকারই এই মাত্রার চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে। সীমিত সংখ্যাগরিষ্ঠতার সরকার দিয়ে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করা অসম্ভব।’

সম্ভাব্য সংখ্যালঘু সরকারের প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, ‘আমি এ কথা বলছি, কারণ এই পার্লামেন্টে এমন একটি সীমিত সরকারের কথা গুরুত্বের সঙ্গে আলোচনা হচ্ছে, যে সরকারের মধ্যে সন্ত্রাসের সমর্থক ও ইসরাইলবিদ্বেষীরা থাকবে, অথবা সরকারকে তাদের ওপর নির্ভর করতে হবে।’ ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোর প্রতি ইঙ্গিত করে তিনি এ মন্তব্য করেন।

ইসরাইলের রাজনীতিতে দল ও নীতির চেয়ে ব্যক্তির প্রভাব দীর্ঘদিন ধরেই বেশি বলে মনে করেন বিশ্লেষকেরা। তবে মঙ্গলবারের অধিবেশনে উত্তেজনা ছিল অস্বাভাবিক মাত্রায়।

সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট অধিবেশনে নেতানিয়াহুকে উদ্দেশ করে দুয়োধ্বনি দেন। এ সময় নেতানিয়াহুর স্ত্রী সারা এবং তার কট্টর ডানপন্থি মিত্র ইতামার বেন গভিরের সঙ্গেও বাক্যবিনিময় হয় বেনেটের। অন্যদিকে প্রধানমন্ত্রী তার বক্তব্যে যেসব ফিলিস্তিনি আইনপ্রণেতাকে আক্রমণ করেন, তাদের অনেকেই প্রতিবাদ জানিয়ে অধিবেশনকক্ষ থেকে বেরিয়ে যান।

এরপর নতুন সরকার গঠনের প্রথম সুযোগ পাওয়া গাদি আইজেনকট নেতানিয়াহুর সঙ্গে পূর্বনির্ধারিত জোট আলোচনা বাতিল করেন। নেতানিয়াহুকে তিনি ‘পদে থাকার অযোগ্য’ বলেও মন্তব্য করেন।

ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির বিস্তার

ইসরাইলের রাজনীতিতে নেতানিয়াহুর প্রভাব বরাবরই অন্যদের তুলনায় বেশি। তার হাত ধরে দেশটির রাজনৈতিক ব্যবস্থা ক্রমেই ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠেছে। ভোটারদের মধ্যে আগে পছন্দের নেতা নির্ধারণ এবং পরে নীতিগত আলোচনা গুরুত্ব পাওয়ার প্রবণতা তৈরি হয়েছে। তবে এই পরিবর্তনে অন্য যেকোনো রাজনীতিকের চেয়ে বেশি ভূমিকা রাখা নেতানিয়াহুকেই এখন নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে লড়তে হচ্ছে।

আইজেনকট যদি কার্যকর সরকার গঠন করতে পারেন, তাহলে ক্ষমতার বাইরে চলে যেতে পারেন নেতানিয়াহু। তবে নতুন সরকার গঠন এখনো অনিশ্চিত। ক্ষমতা হারালে প্রধানমন্ত্রী কার্যালয়ের সুরক্ষা ছাড়াই দুর্নীতির মামলার মুখোমুখি হতে হবে তাকে। পাশাপাশি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরাইলে চালানো হামলার আগে নেতানিয়াহু ও তার সরকারের ব্যর্থতা নিয়েও তদন্ত হতে পারে।

তবে নেতানিয়াহুর সম্ভাব্য রাজনৈতিক পতন ইসরাইলের ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির অবসান ঘটাবে না। বরং এই রাজনৈতিক সংস্কৃতির বিস্তারই তার দীর্ঘমেয়াদি উত্তরাধিকারের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকতে পারে বলে মনে করেন ইউনিভার্সিটি অব এসেক্সের ইসরাইলি বিশেষজ্ঞ এবং ভোটারদের আচরণ ও নির্বাচনী কৌশলবিষয়ক গবেষক রই জুর।

নেতানিয়াহুর প্রভাব সম্পর্কে তিনি বলেন, ‘নেতানিয়াহু ইসরাইলের দলীয় ব্যবস্থাকে মার্কিন ধাঁচে রূপান্তর করেছেন এবং লিকুদকে একটি জনতুষ্টিবাদী দলে পরিণত করেছেন।’

রই জুর আরো বলেন, ‘ইসরাইলে এটি স্পষ্ট যে দলের তালিকার শীর্ষে থাকা ব্যক্তি বা দলীয় প্রধানের গুরুত্ব অনেক বেশি। রাজনীতিও আবর্তিত হয় দলীয় প্রধানকে ঘিরে।’

ভোটারদের মনোভাবের পরিবর্তন তুলে ধরে তিনি বলেন, আগে ভোটাররা বলতেন, ‘আমি লিকুদকে ভোট দিই, আমি লেবারকে ভোট দিই।’ কিন্তু এখন তারা বলেন, ‘আমি নেতানিয়াহুকে ভোট দিই, আমি বেনেটকে ভোট দিই, আমি আইজেনকটকে ভোট দিই।’

জনতুষ্টিবাদী রাজনীতির নেতিবাচক প্রভাব

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নির্বাচনি জরিপ বিশ্লেষক ডালিয়া স্নেইডলিন বলেন, গত কয়েক দশকে ইসরাইলের নির্বাচনি প্রচার ক্রমেই ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠেছে। যদিও দেশটির নির্বাচনে ভোটাররা সাধারণত কোনো নির্দিষ্ট ব্যক্তিকে নয়, বরং রাজনৈতিক দলের প্রার্থী তালিকাকে ভোট দেন। তারপরও অনেক ক্ষেত্রে ভোটাররা দলের নীতি বা কর্মসূচির চেয়ে নেতার ব্যক্তিত্বকে বেশি গুরুত্ব দেন।

ইসরাইলের নির্বাচনি ব্যবস্থায় সাধারণত জোট সরকার গঠনের প্রয়োজন হয়। আর অন্য দলগুলোকে জোটে আনতে হলে নেতাদের রাজনৈতিক সমঝোতা ও দর-কষাকষির দক্ষতা দেখাতে হয় বলে মন্তব্য করেন স্নেইডলিন।

তার মতে, সরকার গঠন করতে হলে আইজেনকটকেও এই দক্ষতার পরিচয় দিতে হবে। কেবল নিজের ব্যক্তিত্ব বা জনপ্রিয়তার ওপর নির্ভর করলে চলবে না।

তবে নীতিগত অবস্থানের চেয়ে রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত পার্থক্যকে বেশি গুরুত্ব দেওয়ার প্রবণতা জনতুষ্টিবাদী রাজনীতিকে উসকে দিয়েছে। এর ফলে নেতানিয়াহু ও বিরোধী রাজনীতির গুরুত্বপূর্ণ নেতা আভিগদর লিবারম্যানের মতো ব্যক্তিদের ব্যক্তিগত বিরোধও রাজনীতিতে বড় ভূমিকা রাখছে। অথচ ডানপন্থি রাজনৈতিক অবস্থানের দিক থেকে তাদের মধ্যে বেশ কিছু মিল রয়েছে। ব্যক্তিগত বিরোধের বিষয়টি সবার কাছে পরিচিত।

যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের জ্যেষ্ঠ গবেষক ইয়োসি মেকেলবার্গ মনে করেন, রাজনীতিতে ব্যক্তিগত বিষয়কে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার ফলে পরিস্থিতি আরো খারাপ হয়েছে।

তিনি বলেন, ‘ব্যক্তিগত বিষয়গুলোর ওপর জোর দেওয়ায় সবকিছু আরো খারাপ হয়ে উঠছে। দলীয় কাঠামো এত বেশি কেন্দ্রীভূত হওয়ায় নেতারা প্রায় স্বৈরাচারী হয়ে উঠতে পারেন। কোনো নিয়ন্ত্রণ ছাড়াই তারা কাজ করার সুযোগ পান।’

মেকেলবার্গ আরো বলেন, ‘এ কারণেই একজন প্রধানমন্ত্রী নেসেটের নির্বাচিত ১৯ জন সদস্যকে সন্ত্রাসের সমর্থক বলে অভিযুক্ত করতে পারেন, অথচ কেউ বিষয়টিকে অস্বাভাবিক মনে করেন না। পরিস্থিতি এখন বিষাক্ত হয়ে উঠেছে।’

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন