মধ্যপ্রাচ্যকে বড় শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতা ও ভূরাজনৈতিক সংঘাতের ক্ষেত্রে পরিণত করা উচিত নয় বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আরব দেশগুলোর সঙ্গে কাজ করতে চীন প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে এক বৈঠকে চিনপিং বলেন, বিশ্ব বর্তমানে ‘এক শতাব্দীতে দেখা যায়নি এমন গভীর পরিবর্তনের’ মধ্য দিয়ে যাচ্ছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সি চিন পিংয়ের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, ‘মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চল বড় শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতা ও ভূরাজনৈতিক সংঘাতের মঞ্চে পরিণত হওয়া উচিত নয়। এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সব পক্ষের সম্মিলিত উদ্যোগ ও সুরক্ষা প্রয়োজন।’
তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ বন্ধে চীন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের নিরাপত্তাসংকট সমাধানে ‘প্রজ্ঞা ও কার্যকর সমাধান’ দিতে বেইজিং অবদান রাখতে চায়।
রোববার দুই দিনের সফরে বেইজিংয়ে পৌঁছান ওমানের সুলতান হাইথাম বিন তারিক। ১৯৭৮ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর এই প্রথম কোনো ওমানি রাষ্ট্রপ্রধান চীন সফর করছেন।
সূত্র: আলজাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



