ইরাকের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত জুরফ আল-নাসর এলাকায় তেল পাচারের অভিযোগে নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগের নয়জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী আলী আল-জাইদি। একই সঙ্গে তেল পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়ার আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। তদন্তে ওই এলাকায় অবৈধ তেল শোধনাগারের সন্ধান এবং তেল পাচারের সঙ্গে সংশ্লিষ্ট কারসাজির প্রমাণ পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইরাকের বার্তা সংস্থা আইএনএকে (ইরাকি নিউজ এজেন্সি) দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র সাবাহ আল-নুমান এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বাবিল প্রদেশের জুরফ আল-নাসর এলাকায় তেল পাচারের ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করতে প্রধানমন্ত্রী জরুরি নিরাপত্তা বৈঠকে সভাপতিত্ব করেন। তদন্তের ফলাফল সামনে আসার পরই এই পদক্ষেপ নেওয়া হয়।
সাবাহ আল-নুমান বলেন, তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রধানমন্ত্রী তেল পাচারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত সবাইকে বিচার বিভাগের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নয়জন কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন তিনি।
বরখাস্ত হওয়া ব্যক্তিদের মধ্যে বাবিল প্রদেশের নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কমান্ডার এবং তেল মন্ত্রণালয়ের অধীন অয়েল পাইপলাইন কোম্পানির পরিচালক রয়েছেন। বাবিল প্রদেশের পুলিশপ্রধানও তাদের মধ্যে আছেন।
ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে উত্তেজনা
কাতাইব হিজবুল্লাহ ইরানপন্থি একটি আধাসামরিক সশস্ত্র গোষ্ঠী। এটি ইরাকের সবচেয়ে ভারী অস্ত্রসজ্জিত গোষ্ঠীগুলোর একটি। সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী আলী আল-জাইদির বিরুদ্ধে বেশ কয়েকটি কঠোর বিবৃতি দিয়েছে সংগঠনটি। এতে সরকারের বিরুদ্ধে হুমকি দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তুলেছে তারা।
এর আগে ইরাকের জ্যেষ্ঠ রাজনীতিকেরা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছিলেন, নিরস্ত্রীকরণে রাজি নয়—এমন সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী আল-জাইদি বারবার নিজের প্রস্তুতির কথা জানিয়েছেন।
বাগদাদ থেকে আলজাজিরার প্রতিবেদক পিটার স্মিথ জানান, তেল পাচারের এই নেটওয়ার্ক নিয়ে আগের ইরাকি সরকারগুলো সতর্ক অবস্থান নিয়েছিল। কারণ, এই নেটওয়ার্কের মাধ্যমে প্রতি মাসে প্রায় তিন কোটি ডলারের তেল পাচার হতো বলে অভিযোগ রয়েছে।
পিটার স্মিথ বলেন, ‘এত দিন এলাকাটি কার্যত রাষ্ট্রের ভেতরে আরেকটি রাষ্ট্রের মতো পরিচালিত হয়ে আসছিল। তবে পরিস্থিতি বদলেছে বলে মনে হচ্ছে। প্রধানমন্ত্রী আলী আল-জাইদি বলেছেন, ইরাকের এক ইঞ্চি জায়গাও এ ধরনের তেল পাচার কার্যক্রমের জন্য ছেড়ে দেওয়া হবে না।’
তিনি আরো বলেন, ফাঁস হওয়া একটি গোয়েন্দা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাগদাদের দক্ষিণে দেশের দক্ষিণাঞ্চলের মধ্য দিয়ে যাওয়া দুটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে অবৈধ সংযোগ স্থাপন করা হয়েছিল। সেখান থেকে তেল চুরি করে কালোবাজারে বিক্রি করা হতো। এই চোরাচালান কার্যক্রমের মাধ্যমে প্রতি মাসে কোটি কোটি ডলার আয় করা হতো।
বুধবার আইএনএ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ‘গোয়েন্দা নথিতে’ স্যাটেলাইট চিত্রসহ তেল পাচারের তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, জুরফ আল-নাসর এলাকায় একটি সশস্ত্র গোষ্ঠী অপরিশোধিত তেল ও তেলজাত পণ্য পাচার করছিল। তবে প্রতিবেদনে গোষ্ঠীটির নাম উল্লেখ করা হয়নি। ওই এলাকায় একটি তেলের পাইপলাইনে অবৈধ সংযোগ স্থাপনের অভিযোগও তোলা হয়।
সাবাহ আল-নুমান জানিয়েছেন, তদন্ত কমিটি এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
নিরস্ত্রীকরণ উদ্যোগে অর্থের জোগান বন্ধের চেষ্টা?
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আটলান্টিক কাউন্সিলের ইরাক ইনিশিয়েটিভের জ্যেষ্ঠ অনাবাসিক ফেলো আকিল আব্বাস আলজাজিরাকে বলেন, ইরাকে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী ও সশস্ত্র সংগঠনের তেল পাচার নতুন কোনো ঘটনা নয়।
তার মতে, রাজনৈতিক বা কৌশলগত উদ্দেশ্যের চেয়ে বাণিজ্যিক লাভের জন্যই এ ধরনের তৎপরতা বেশি পরিচালিত হয়।
তবে এবারের অভিযানকে তিনি মূলত সশস্ত্র গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণ উদ্যোগের সঙ্গে সম্পর্কিত বলে মনে করেন।
আকিল আব্বাস বলেন, ‘প্রধানমন্ত্রী কৌশলে বিষয়টিকে দুর্নীতিবিরোধী অভিযান হিসেবে তুলে ধরেছেন। এ কারণেই কয়েক দিন আগে সরকার থেকে এই অভিযানসংক্রান্ত একটি প্রতিবেদন ফাঁস করা হয়েছিল।’
তার মতে, সরকারের নিরস্ত্রীকরণ উদ্যোগের বিরোধিতা করে আসা নির্দিষ্ট একটি সশস্ত্র গোষ্ঠীর অর্থের প্রধান উৎস বন্ধ করাই প্রধানমন্ত্রীর লক্ষ্য।
আকিল আব্বাস আরো বলেন, এই পদক্ষেপের মাধ্যমে ওই গোষ্ঠীর আর্থিক জোগান বন্ধ করতে চাইছেন প্রধানমন্ত্রী। কারণ, গোষ্ঠীটি সরকারের সশস্ত্র মিলিশিয়া নিরস্ত্রীকরণ উদ্যোগের বিরুদ্ধে সবচেয়ে বেশি প্রতিরোধ গড়ে তুলেছে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



