শান্তিতে নোবেল বিজয়ীর নাম আগে কখনো শুনিনি: ট্রাম্প

শান্তিতে নোবেল বিজয়ীর নাম আগে কখনো শুনিনি: ট্রাম্প
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নাভি পিল্লাইকে কটাক্ষ করে বলেছেন, তিনি ‘জাতিসংঘে কাজ করা একজন উদারপন্থি ব্যক্তি, যার কথা আগে কেউ কখনো শোনেনি।’

জাতিসংঘের একটি তদন্ত কমিশনের নেতৃত্ব দিয়েছিলেন নাভি পিল্লাই। তদন্ত শেষে ওই কমিশন জানায়, গাজায় ইসরাইল গণহত্যা চালিয়েছে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রিপাবলিকানদের এক নির্বাচনি সমাবেশে ট্রাম্প বলেন, ‘আজ নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে এমন একজনকে, যার নাম আমি কখনো শুনিনি। কেউই তাকে চেনে না। বিষয়টি রহস্যজনক।’ আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে আয়োজিত সমাবেশে তিনি অবশ্য যোগ করেন, ‘তবু তাকে অভিনন্দন।’

ট্রাম্প আবারও দাবি করেন, তিনি আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন। এর উদাহরণ হিসেবে ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাতের কথা উল্লেখ করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘এই আটটি যুদ্ধের যেকোনো একটির জন্যই নোবেল পুরস্কার পাওয়া যায়। আমি আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছি। কোনো প্রেসিডেন্টই এমনটা করেননি।’

এরপর নোবেল শান্তি পুরস্কার কমিটি এবং পুরস্কারটির সঙ্গে সংশ্লিষ্ট দেশ নরওয়ের সমালোচনায় আরো সরব হন তিনি।

ট্রাম্প বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আমার প্রতিনিধিত্বে যুক্তরাষ্ট্রেরই নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত ছিল, কিন্তু তা হয়নি। এটি নরওয়ের জন্য এক অমোচনীয় কলঙ্ক।’

তার দাবি, ‘গণতন্ত্রবিরোধী ও সভ্যতার শত্রু’ হিসেবে আখ্যায়িত একদল উগ্র মতাদর্শীর কারণে পুরস্কারটি চিরতরে গ্রহণযোগ্যতা হারিয়েছে।

ট্রাম্প বলেন, ‘আমরা নরওয়েকে ভুলব না।’ পুরস্কার না পাওয়ার বিষয়টিকে তিনি যুক্তরাষ্ট্রের প্রতি নরওয়ে ও অন্যান্য দেশের শোষণমূলক আচরণের ‘আরেকটি নিদর্শন’ বলেও মন্তব্য করেন।

পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘এই নারী সম্পর্কে আমি কিছুই জানি না, অন্য কেউও জানে না! আমার জানামতে, ইসরাইলকে ঘৃণা করার বিষয়টি ছাড়া আর কেউ কখনো তার নামও শোনেনি।’

নিজের পুরস্কার পাওয়ার যোগ্যতার পক্ষে যুক্তি তুলে ধরে তিনি আরো লেখেন, “নোবেল ‘শান্তি’ পুরস্কারটি একদল উগ্র মতাদর্শীর কারণে চিরতরে কলঙ্কিত হয়েছে। তারা গণতন্ত্রবিরোধী এবং সভ্যতার শত্রু।”

দীর্ঘদিন ধরেই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবি জানিয়ে আসছেন ট্রাম্প। এ পর্যন্ত তাকে পুরস্কার দেওয়া হয়নি—এ নিয়ে বিভিন্ন সময়ে সমালোচনাও করেছেন তিনি।

সূত্র: আনাদোলু

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন