সমন্বয় ছাড়া হরমুজ পার হওয়া জাহাজকে তেল পাচারকারী মনে করে ইরান

সমন্বয় ছাড়া হরমুজ পার হওয়া জাহাজকে তেল পাচারকারী মনে করে ইরান
হরমুজ প্রণালী দিয়ে জাহাজ পার হচ্ছে। ছবি: সংগৃহীত।

ইরানের সঙ্গে সমন্বয় না করে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে তেল পাচারের সঙ্গে জড়িত হিসেবে বিবেচনা করছে তেহরান। এসব জাহাজকে লক্ষ্যবস্তু করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে দেশটি।

বিজ্ঞাপন

ইরানের রাজধানী তেহরান থেকে আলজাজিরার সাংবাদিক রেসুল সেরদার আতাস জানান, ইরানের সেনাবাহিনী এক লিখিত বিবৃতিতে বলেছে, হরমুজ প্রণালীর পূর্বাঞ্চলে অনুমোদনহীন পথে চলাচল কিংবা পার হওয়ার চেষ্টা করা একটি জাহাজ নৌমাইনে আঘাত পেয়ে আগুন ধরে যাওয়ায় চলাচল বন্ধ করতে বাধ্য হয়েছে।

এ ঘটনায় ইরান সরাসরি হামলার দায় স্বীকার করেনি। তবে পরোক্ষভাবে নিজেদের সংশ্লিষ্টতার ইঙ্গিত দিয়েছে। সাধারণত ইরান এসব জাহাজে হামলার কথা না বলে দাবি করে, সেগুলো সমুদ্রের নৌমাইনে আঘাত পেয়েছে। আর এসব মাইন উপসাগরীয় অঞ্চলে ইরানের সেনাবাহিনীই স্থাপন করেছে।

হরমুজ প্রণালী নিয়ে ইরানের অবস্থান ব্যাখ্যা করে আলজাজিরার ওই সাংবাদিক বলেন, যুদ্ধের কারণে অঞ্চলটির কৌশলগত পরিস্থিতি ও ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন এসেছে বলে মনে করছে তেহরান। এখন প্রণালীটির ওপর নিজেদের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা করতে চায় দেশটি।

ইরানের সঙ্গে সমন্বয় ছাড়া যেসব জাহাজ চলাচল করছে, সেগুলোকে তেল পাচারের কাজে জড়িত হিসেবে দেখছে তেহরান। এ কারণে এসব জাহাজকে লক্ষ্যবস্তু করা হতে পারে বলে ইরান জানাচ্ছে।

ইরানের অবস্থান হলো, দেশটি যদি নিজেদের তেল বিক্রি করতে না পারে, তাহলে অন্য কোনো দেশকেও হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনের সুযোগ দেওয়া হবে না।

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং ইরানের সাতটি শর্ত মেনে নেওয়া হলেই কেবল হরমুজ প্রণালী আবার খুলে দেওয়া হবে বলে জানিয়েছে তেহরান।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...