অব্যাহত ইসরাইলি হামলার কারণে গাজায় ‘অকল্পনীয় দুর্ভোগের’ নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, ফ্রান্স এবং যুক্তরাজ্সহ ২৬টি দেশ। এক বিবৃতিতে গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি নিরসনে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দেশগুলো। খবর টাইমস অব ইসরাইলের।
ইইউর শীর্ষ কূটনীতিক এবং আরো ২৬টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের স্বাক্ষরিত একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘গাজায় মানবিক দুর্ভোগ অকল্পনীয় পর্যায়ে পৌঁছেছে। সবার চোখের সামনে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। দুর্ভিক্ষ নিরসনের জন্য এখনই জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’
গাজায় সাহায্য পৌঁছানোর জন্য ‘তাৎক্ষণিক, স্থায়ী এবং সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া দাবি করেছেন তারা।
ইউরোপীয় ইউনিয়নের ১৭টি দেশ এই বিবৃতিতে স্বাক্ষর করেছে, যার মধ্যে রয়েছে ফ্রান্স, নেদারল্যান্ডস, স্পেন এবং আয়ারল্যান্ডের মতো দেশগুলো। বিবৃতিতে ইসরাইলের তীব্র সমালোচনা করা হয়।
বিবৃতিতে ত্রাণ বিতরণের স্থান এবং ত্রাণবাহী লরির কাছে প্রাণঘাতী হামলা বন্ধেরও দাবি জানানো হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, এসব ত্রাণ কেন্দ্রে ইসরাইলি হামলায় এক হাজার ৩০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজা উপত্যকাকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে ইসরাইল অন্যদিকে গাজায় ত্রাণ বিতরণে বাধা দেওয়ায় ইসরাইলের সামলোচনা করে আসছে আন্তর্জাতিক সংস্থাগুলো।
গাজায় দুর্ভিক্ষের কথা অস্বীকার করেছে ইসরাইল। সাহায্য বিতরণে বিলম্বের জন্য জাতিসংঘকে দায়ী করেছে দেশটি।
আলাদাভাবে মঙ্গলবার গাজায় বিপর্যয়কর স্বাস্থ্য পরিস্থিতি মোকাবেলা করার জন্য চিকিৎসা সরঞ্জাম মজুদ করার সুযোগ দিতে ইসরাইলের কাছে আবেদন জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গাজার নিয়ন্ত্রণ নেওয়ার আগেই এই সুযোগ চেয়েছে সংস্থাটি।
এদিকে, গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় একদিনে কমপক্ষে ৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ১৯ জন মারা যান ত্রাণ সংগ্রহ করতে গিয়ে। এছাড়া মঙ্গলবার অনাহারে মারা গেছে ছয় বছর বয়সী এক শিশুসহ দুইজন।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৭৩ জনের মৃত্যু
ইসরাইলের চারটি স্থানে হুথিদের ড্রোন হামলা