ভারতের হায়দরাবাদে চুরির অভিযোগে ২৫ বছর বয়সি এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাগা জয়া নামের ওই নারী পাঁচটি চুরির ঘটনায় জড়িত বলে অভিযোগ রয়েছে। তার কাছ থেকে স্বর্ণালংকার, রুপার গয়না, নগদ অর্থ ও একটি আইফোন-১৭ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ৭০ লাখ রুপি।
পুলিশ জানায়, স্বামীর অজান্তে অনলাইনে বাড়িতে চুরির কৌশল শিখেছিলেন জয়া। চুরির সময় নিজের পরিচয় গোপন রাখতে এবং পুলিশের নজর এড়াতে বোরকা পরতেন তিনি। তালাবদ্ধ বাড়ি লক্ষ্য করে চুরির চেষ্টা চালাতেন ওই নারী।
সম্প্রতি একটি বাড়িতে চুরির চেষ্টার সময় সিসিটিভি ক্যামেরায় তার কর্মকাণ্ড ধরা পড়ে। ফুটেজে দেখা যায়, কালো রঙের লম্বা বোরকা, মাথা ও মুখ ঢাকা অবস্থায় বাড়ির দরজা খোলার চেষ্টা করছেন তিনি। এ সময় তার হাতে ছিল কালো গ্লাভস এবং পিঠে হালকা নীল রঙের ব্যাগ। তবে দরজা খুলতে ব্যর্থ হয়ে সেখান থেকে চলে যান তিনি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, বিলাসী জীবনযাপনের খরচ জোগাতেই চুরির পথ বেছে নিয়েছিলেন জয়া।
এদিকে, পৃথক আরেকটি চুরির ঘটনায় নবীন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাত্র ২০ দিনের মধ্যে ১০টি চুরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে প্রায় ৩৭ তোলা স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
দুই ঘটনায় উদ্ধার হওয়া মালামাল ও অভিযুক্তদের সংশ্লিষ্টতা নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। এসব চুরির সঙ্গে অন্য কোনো অপরাধী চক্র বা ঘটনার যোগসূত্র রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র: এনডিটিভি
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


