উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য দেশগুলো কুয়েতে একটি সামরিক কমান্ড সদর দপ্তর প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধের প্রেক্ষাপটে উপসাগরীয় দেশগুলোর সামরিক সমন্বয় ও যৌথ প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে এ সিদ্ধান্তকে।
মঙ্গলবার জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বুদাইউই এ ঘোষণা দেন। বাহরাইনে জোটটির ছয় সদস্য দেশের প্রতিরক্ষামন্ত্রীদের অংশগ্রহণে ২৩তম যৌথ প্রতিরক্ষা পরিষদের অধিবেশন চলাকালে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বৈঠকে সামরিক সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তার বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হচ্ছে।
জিসিসির সদস্য দেশগুলো হলো—সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, কাতার ও ওমান। সাম্প্রতিক বছরগুলোতে দেশগুলো নিজেদের সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানো এবং যৌথ প্রতিরক্ষা কাঠামো শক্তিশালী করার চেষ্টা করছে। কুয়েতে নতুন কমান্ড সদর দপ্তর প্রতিষ্ঠার অনুমোদন সেই উদ্যোগেরই অংশ।
তবে জিসিসির সামরিক সহযোগিতার কাঠামোতে এর আগে থেকেই একটি সমন্বিত সামরিক কমান্ড রয়েছে, যার সদর দপ্তর সৌদি আরবের রাজধানী রিয়াদে। নতুন করে কুয়েতে সদর দপ্তর প্রতিষ্ঠার সিদ্ধান্তের ফলে বিদ্যমান কাঠামোর সঙ্গে এর দায়িত্ব ও কার্যক্রম কীভাবে সমন্বিত হবে, তা এখনো স্পষ্ট নয়।
ইরানকে ঘিরে চলমান সংঘাত উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কা, গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা এবং সামুদ্রিক বাণিজ্যপথের নিরাপত্তা—সব মিলিয়ে দেশগুলো প্রতিরক্ষা সহযোগিতা আরো ঘনিষ্ঠ করার প্রয়োজন অনুভব করছে।
একই সময়ে সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করেছে, ইয়েমেনের হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র রিয়াদের দিকে যাওয়ার পথে প্রতিহত করা হয়েছে। হামলার আশঙ্কায় সৌদি রাজধানীর কয়েকটি স্কুলে অনলাইন ক্লাস চালু করা হয়।
এদিকে, কাতারের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি৭-এর আলোচনায় যোগ দিচ্ছেন বলে জানিয়েছে ফ্রান্স। ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া এখন ‘খুব একটা প্রয়োজনীয় মনে হচ্ছে না’। তবে একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত বলেও সতর্ক করেছেন তিনি।
অন্যদিকে, ওমানের দিদামার দ্বীপে রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে হামলার খবর এবং খাসাব উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজে আগুন লাগার ঘটনাও আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) ঘটনাটিকে হামলা হিসেবে শ্রেণিবদ্ধ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংঘাত শুরুর আগের তুলনায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় ৬৫ শতাংশ কমে গেছে।
এমন পরিস্থিতিতে কুয়েতে নতুন সামরিক কমান্ড সদর দপ্তর প্রতিষ্ঠার অনুমোদন উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা সমন্বয় বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে নতুন সদর দপ্তরের কাঠামো, দায়িত্ব ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশিত হয়নি।
সূত্র: গালফ নিউজ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


