নিজেদের জাহাজে হামলার প্রতিশোধ নিল ইরান

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

নিজেদের জাহাজে হামলার প্রতিশোধ নিল ইরান

ওমান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজের ওপর যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার প্রতিশোধ নিয়েছে তেহরান। ইরানের ইসলামিক রেভল্যুশন গার্ডস কর্পস (আইআরজিসি) নৌবাহিনী জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট বিশাল মালবাহী জাহাজ এমএসসি সারিস্কায় ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে তারা।

আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ বিভাগ মঙ্গলবার জানায়, ইরানি বাল্ক ক্যারিয়ার লিয়ান স্টারের ওপর মার্কিন সামরিক বাহিনীর হামলার পাল্টা জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানায়, ইরানি মালবাহী জাহাজ ‘লিয়ান স্টার’-এর ওপর মার্কিন বাহিনীর আগ্রাসী ও বিশ্বাসঘাতকতামূলক হামলার প্রতিক্রিয়া হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। পাল্টা অভিযান চালিয়ে এমএসসি সারিস্কাকে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।

আইআরজিসির দাবি অনুযায়ী, পানামার পতাকাবাহী এমএসসি সারিস্কা ইরাকের জলসীমার নিকটবর্তী এলাকায় লক্ষ্যবস্তুতে পরিণত হয় এবং এতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। একই সঙ্গে আইআরজিসি নৌবাহিনী সতর্ক করে বলেছে, অঞ্চলে মার্কিন বাহিনীর যেকোনো নতুন আগ্রাসনের জবাব দৃঢ় ও নির্ণায়কভাবে দেওয়া হবে।

বিবৃতিতে আরো বলা হয়, গত শুক্রবার মার্কিন একটি বিমান ‘লিয়ান স্টার’ জাহাজের ইঞ্জিন রুমে এজিএম-১১৪ হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার ফলে জাহাজটি অচল হয়ে পড়ে। ইরানের দাবি, আন্তর্জাতিক জলসীমায় থাকা অবস্থায় বাণিজ্যিক জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তেহরান এই ঘটনাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সামুদ্রিক সন্ত্রাসবাদ বলে আখ্যা দিয়েছে।

সূত্র: প্রেস টিভি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন