ইসরাইলের গাজা দখলের সিদ্ধান্ত সম্পূর্ণ অগ্রহণযোগ্য: এরদোয়ান

ইসরাইলের গাজা দখলের সিদ্ধান্ত সম্পূর্ণ অগ্রহণযোগ্য: এরদোয়ান

পুরো গাজা দখলে নেওয়ার ইসরাইলি সিদ্ধান্ত একেবারেই অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। শনিবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে টেলিফোন আলাপে তিনি একথা বলেন। খবর মিডল ইস্ট মনিটরের।

তুরস্কের যোগাযোগ অধিদপ্তর জানিয়েছে, গাজায় ইসরাইলের হামলা এবং এই অঞ্চলের সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন দুই নেতা।

বিজ্ঞাপন

আলাপকালে তুরস্ক ফিলিস্তিনের পাশে রয়েছে বলে জানান তুরস্কের প্রেসিডেন্ট।

ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাব্য স্বীকৃতি সম্পর্কে ফ্রান্স, ব্রিটেন এবং কানাডার বিবৃতিকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এরদোয়ান। তিনি বলেন, তুরস্ক এই অঞ্চলে শান্তির জন্য তার প্রচেষ্টা অব্যাহত রাখবে।

শুক্রবার গাজা উপত্যকা পুরোপুরি দখলে নেওয়ার পরিকল্পনা অনুমোদন দিয়েছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা। এক বিবৃতিতে একথা নিশ্চিত করে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহুর দেওয়া ‘হামাসকে পরাজিত করার রূপরেখা’ অনুমোদন দিয়েছে নিরাপত্তা মন্ত্রিসভা।

গাজা উপত্যকা দখলের প্রাথমিক পরিকল্পনা নিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সেনাপ্রধান ইয়াল জামিরের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। সেনাপ্রধান বলছেন, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত ইসরাইলের সেনাবাহিনীর জন্য ‘ফাঁদ’।

চ্যানেল-১২ জানায়, সেনাপ্রধান বলেছেন, গাজা উপত্যকা পুরো দখল নিলে হামাসের কাছে আটক ৫০ জন ইসরাইলি জিম্মি বিপদে পড়তে পারেন এবং এরমাধ্যমে সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত হবে। এদের মধ্যে কমপক্ষে ২০ জন জীবিত আছেন বলে ধারনা করা হচ্ছে।

ইসরাইলের কিছু মিত্রসহ বিদেশী শক্তিগুলো জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে এবং গাজা উপত্যকায় মানবিক সংকট নিরসনে সহায়তা করার জন্য আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছে। তবে নেতানিয়াহু তার সিদ্ধান্তের প্রতি অটল রয়েছেন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন