দিল্লিতে পৌঁছানোর পরপরই আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। এর আগেই ইউটিউবার ধ্রুব রাঠি ও সিজেপি নেত্রী রত্না সিংকে আটক করে পুলিশ।
দীপকেসহ তিনজন আটক হওয়ার মুহূর্তের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওয় দেখা যায়, দিল্লি বিমানবন্দরে তাদের বহনকারী বিমান অবতরণ করার সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে পৌঁছে যায়। পুলিশকর্মীরা তাদের আটক করার জন্য এগিয়ে গেলে শুরু হয় বাগ্বিতণ্ডা।
ভিডিওতে দেখা যায়, দীপকে পুলিশ কর্মীদের বলছেন, ‘আমি তো গ্রেপ্তার হওয়ার জন্যই এসেছি। আমাকে গ্রেপ্তার করুন।’
জবাবে এক পুলিশ কর্মী বলেন, ‘আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে না। সহযোগিতা করুন।’
দীপকেসহ সিজেপি নেতারা বিমানে বসে ইনস্টাগ্রামে ‘লাইভ’ করছিলেন। স্থানীয় সকাল ১০টা ১৯ মিনিটের দিকে সিজেপির নেতাদের আটক করা হয়।
তারা আটক হওয়ার পরেই বিবৃতি দিয়েছে সিজেপি। বিবৃতিতে বলা হয়, ‘আজ দিল্লিতে বিমান অবতরণ করার পরেই আমাদের নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে যেভাবে স্বৈরাচারী পন্থায় আটক করা হয়েছে, ককরোচ জনতা পার্টি তার তীব্র নিন্দা জানাচ্ছে। দিল্লি পুলিশের এই পূর্বপরিকল্পিত পদক্ষেপের মূল লক্ষ্য হলো আজকের শান্তিপূর্ণ বিক্ষোভে তারা যেন অংশ নিতে না পারেন এবং আন্দোলনটি শুরুতেই দুর্বল হয়ে পড়ে। অবিলম্বে অভিজিৎ, সৌরভ ও আশুতোষের মুক্তির দাবি জানাচ্ছি।’
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিবাদ কর্মসূচি শুরু হওয়ার আগেই গত রাতে অন্তত ১ হাজার জনকে আটক করে দিল্লি পুলিশ। পরে সকালেও অন্তত ১০০ জনকে আটক করা হয়।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


