আফগানিস্তানে মার্কিন সেনাদের অপরাধ তদন্ত বন্ধ করল আইসিসি

 আফগানিস্তানে মার্কিন সেনাদের অপরাধ তদন্ত বন্ধ করল আইসিসি
ছবি: মিডল ইস্ট মনিটর

আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারকেরা। একই সঙ্গে ২০২১ সাল থেকে তালেবানের কর্মকাণ্ডের ওপর তদন্তে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

বিজ্ঞাপন

শুক্রবার প্রকাশিত আদালতের নথিতে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার এ সিদ্ধান্ত দেওয়া হলেও শুক্রবার তা প্রকাশ করা হয়। আদালতের নথিতে বলা হয়েছে, তদন্ত পরিচালনা এবং প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহের ক্ষেত্রে কৌঁসুলির দপ্তর উল্লেখযোগ্য সীমাবদ্ধতার মুখে পড়েছে। এ কারণে মার্কিন সেনাদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত আর এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না।

যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসের হেগভিত্তিক আইসিসির মধ্যে বিরোধের ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত এলো। বিশেষ করে মার্কিন নাগরিকদের বিরুদ্ধে তদন্ত এবং ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনায় দুই পক্ষের বিরোধ বেড়েছে। এর জেরে ওয়াশিংটন আইসিসির বর্তমান ও সাবেক ১৩ জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

এই সিদ্ধান্তের ফলে শুধু আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে তদন্তই বন্ধ হচ্ছে না, খোরাসান প্রদেশে ইসলামিক স্টেটের (আইএস) সহযোগী সংগঠন আইএসআইএল-খোরাসানের (আইএসকেপি) বিরুদ্ধে তদন্তও বন্ধ হচ্ছে। ২০২১ সাল থেকেই মার্কিন সেনাদের বিরুদ্ধে তদন্ত কার্যত স্থবির ছিল।

তবে আইসিসির কৌঁসুলির দপ্তর বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও রয়টার্সকে জানিয়েছে, আদালতের এ সিদ্ধান্তের বিরুদ্ধে তারা ইতোমধ্যে আপিল করেছে।

আইসিসি ভেঙে দেওয়ার হুমকি যুক্তরাষ্ট্রের

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এর আগে বলেছিলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প কখনোই আন্তর্জাতিক অপরাধ আদালতকে মার্কিন নাগরিকদের বিচার করতে দেবেন না।’

গত অক্টোবরের এক বিবৃতিতে রুবিও আরো হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘মার্কিন নাগরিকেরা আর হুমকির মুখে না থাকা পর্যন্ত যুক্তরাষ্ট্র ধাপে ধাপে আইসিসিকে ভেঙে দেওয়ার অভিযান চালিয়ে যাবে।’

তবে মার্কিন সেনাদের বিরুদ্ধে তদন্ত বন্ধের আইসিসির এই সিদ্ধান্তের পর ওয়াশিংটন আদালতের বিষয়ে তাদের অবস্থান পরিবর্তন করবে কি না, তা স্পষ্ট নয়। যেকোনো পরিস্থিতিতেই যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয় এবং এই আদালতের বিচারিক এখতিয়ারও স্বীকার করে না।

আইসিসির প্রতিষ্ঠাকালীন রোম সংবিধান অনুযায়ী, আদালতের সদস্যদেশগুলোর ভূখণ্ডে সংঘটিত নৃশংস অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিচার করার এখতিয়ার রয়েছে আদালতের।

২০০২ সাল থেকে তদন্ত শুরু

আফগানিস্তানে সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত শুরু হয় ২০২০ সালে। ২০০২ সাল থেকে আফগানিস্তানের সরকারি বাহিনী, তালেবান, মার্কিন সেনা এবং যুক্তরাষ্ট্রের বৈদেশিক গোয়েন্দা সংস্থার সদস্যদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের অভিযোগ এই তদন্তের আওতায় ছিল।

তবে ২০২১ সালে তদন্তের দায়িত্বে থাকা আইসিসির তৎকালীন কৌঁসুলি করিম খান ঘোষণা দেন, মার্কিন বাহিনীর বিরুদ্ধে তদন্তকে অগ্রাধিকার দেওয়া হবে না। প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহে নানা প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

এদিকে গত বছর তালেবান নেতাদের বিরুদ্ধে চারটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। ২০২১ সাল থেকে তালেবানের কর্মকাণ্ডের ওপর তদন্তে গুরুত্ব দেওয়ার বর্তমান সিদ্ধান্ত সেই ধারাবাহিকতার অংশ।

চলতি বছরের শুরুতে যৌন অসদাচরণের অভিযোগে করিম খানকে আইসিসি থেকে সরিয়ে দেওয়া হয়। তিনি আফগানিস্তানবিষয়ক তদন্তের দায়িত্বে ছিলেন।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...