পোল্যান্ডে অধিকাংশ মানুষ একটি সাম্প্রতিক জরিপে ১৬ বছরের কম বয়সি শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের পক্ষে মত দিয়েছেন। ইউরোপের অন্যান্য দেশের মতো একই ধরনের পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে পোল্যান্ড।
শনিবার টিভিপি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে জানানো হয়, রেজকপোসপোলিটা পত্রিকার জন্য এসডব্লিউ রিসার্চ পরিচালিত জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৬৪.৩ শতাংশ এই নিষেধাজ্ঞার পক্ষে সমর্থন জানিয়েছেন। অপরদিকে ২১.৯ শতাংশ এর বিরোধিতা করেছেন এবং ১৩.৮ শতাংশ এ বিষয়ে কোনো মতামত দেননি।
জরিপ অনুযায়ী, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই নিষেধাজ্ঞার প্রতি সমর্থনও বৃদ্ধি পেয়েছে। ২৫-৩৪ বছর বয়সীদের মধ্যে সমর্থন ছিল ৫৭.৭ শতাংশ, যা ৩৫-৪৯ বছর বয়সীদের মধ্যে বেড়ে ৬২.৩ শতাংশ এবং ৫০ বছরের বেশি বয়সীদের মধ্যে ৬৯.৯ শতাংশে পৌঁছেছে। এমনকি ১৮-২৪ বছর বয়সীদের মধ্যেও ৫৩.৯ শতাংশ এই বিধিনিষেধের পক্ষে মত দিয়েছেন।
এছাড়া কম আয়ের মানুষের মধ্যে সমর্থন তুলনামূলক বেশি দেখা গেছে। মাসিক ৩ হাজার জলোটি (প্রায় ৮৪০ ডলার) এর কম আয়কারীদের মধ্যে ৭১.৯ শতাংশ নিষেধাজ্ঞাকে সমর্থন করেছেন। মাঝারি আকারের শহরগুলোর বাসিন্দাদের মধ্যেও সমর্থনের হার বেশি ছিল।
৩-৪ ফেব্রুয়ারি ১৮ বছরের বেশি বয়সী ৮০০ জন ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে এই জরিপ পরিচালিত হয়।
এর আগে অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই সঙ্গে ফ্রান্স ও স্পেনও এই খাতে কঠোর নিয়ন্ত্রণের পরিকল্পনা ঘোষণা করেছে।
পোল্যান্ডে মধ্যপন্থী নাগরিক জোটের আইন প্রণেতারা ১৫ বছরের কম বয়সী শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে সীমাবদ্ধতা আরোপের একটি বিল প্রস্তুত করছেন। এ বিষয়ে দেশটির সাবেক শিক্ষামন্ত্রী রোমান গিয়েরটিচ বলেন, শিশুদের অ্যালগরিদম ও আসক্তির ঝুঁকি থেকে রক্ষা করা জরুরি, কারণ এটি তাদের মানসিক স্বাস্থ্য ও শিক্ষার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে তীব্র ঠান্ডা, সতর্কতায় প্রায় ৮ কোটি মানুষ
সেমিকন্ডাক্টর শিল্পে যৌথ অগ্রযাত্রায় ভারত ও মালয়েশিয়া