ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ করতে যাচ্ছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আজ শনিবারের এই বিক্ষোভে সব বিরোধী দলকে যোগ দেওয়ার আহ্বান জানায় ককরোচ পার্টি। তবে এখন পর্যন্ত আন্দোলনে থাকার কথা প্রকাশ্যে জানিয়েছে শুধু বাম দলগুলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টি (আপ)।
বাম দল ও আপ ইতোমধ্যে বিক্ষোভে অংশ নেওয়ার কথা ঘোষণা করেছে। তবে শুক্রবার রাত পর্যন্ত এই কর্মসূচিতে তৃণমূলের অংশগ্রহণ নিয়ে স্পষ্ট সিদ্ধান্ত জানা যায়নি।
দিল্লি পৌঁছনোর আগে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানিয়েছিলেন, শনিবার যন্তর মন্তরে আয়োজিত বিক্ষোভে তিনি যোগ দিতে পারেন। তবে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি তিনি। মমতা বলেন, ‘ওদের (সিজেপি) সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে এবং আমরা সমর্থন জানিয়েছি। তবে বিক্ষোভে অংশ নেওয়ার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত পরে নেওয়া হবে।’
এর আগে মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সিজেপির নেতৃত্বে ছাত্র আন্দোলনেও সমর্থন জানিয়েছিল বাম দলগুলো, তৃণমূল এবং আপ। ওই আন্দোলনের জেরে পদত্যাগ করেছিলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
এদিকে, আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, তিনি পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে যন্তর মন্তরের বিক্ষোভে যোগ দেবেন। অন্যদিকে, সিজেপির কর্মসূচি থেকে দূরত্ব বজায় রাখছে কংগ্রেস। শনিবার চেন্নাইয়ে ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচির পরবর্তী পর্বে যোগ দেওয়ার কথা রয়েছে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


