ইসরাইলে গাজা যুদ্ধের প্রভাব

ইসরাইলে গাজা যুদ্ধের প্রভাব
ছবি: সংগৃহীত

ওফির ব্রাস্লাভস্কির ছেলে রোম গাজায় হামাসের হাতে বন্দি রয়েছে। গাজা যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ওফির ব্রাস্লাভস্কির মতো অনেক পরিবার।

গাজায় যুদ্ধের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ইসরাইলের অভ্যন্তরে নেতানিয়াহুর সাথে তাদের নিজস্ব যুদ্ধের মাত্রা বাড়িয়েছে জিম্মিদের স্বজনরা। যুদ্ধ বন্ধ করতে জিম্মিদের পরিবারের সদস্যরা ক্রমাগতভাবে চাপ দিয়ে যাচ্ছেন নেতানিয়াহুর সরকারের ওপর।

বিজ্ঞাপন

জিম্মিদের ফিরিয়ে আনতে নিয়মিত বিরতিতে ইসরাইলের রাস্তায় বিক্ষোভ করেন বন্দিদের স্বজন ও যুদ্ধবিরোধীরা। নেতানিয়াহুর বাসভবনের বাইরে বিক্ষোভকালে ব্রাস্লাভস্কি বলেন, ‘আমি তাকে (নেতানিয়াহু) আমার ছেলের লাশ ব্যাগে করে ফিরিয়ে আনতে দেব না।’

দেশের ভেতরে বিভাজন:

নেতানিয়াহুর বাসভবনের বাইরে জিম্মি পরিবারের অন্যান্য সদস্যদের সাথে বিক্ষোভ করেন মোর গডার্ড। গাজা সীমান্তে হামাসের আক্রমণ থেকে বেঁচে গিয়েছিলেন তিনি। তবে সে হামলায় তার বাবা-মা মারা যান।

তিনি বলেন, ‘আমি মনে করি ৭ অক্টোবর থেকে আজ পর্যন্ত ইসরাইল প্রতিশোধের বশবর্তী হয়ে কাজ করছে, মূল্যবোধের বশবর্তী হয়ে নয়।’ বলেন, ‘এটা যেন একটা তুষারগোলক যা গড়িয়ে গড়িয়ে পড়ছে, যাকে থামানো যাচ্ছে না।’

দীর্ঘস্থায়ী যুদ্ধের এভাবেই মূল্য দিতে হচ্ছে ইসরাইলিদের। তারা এখন আর এতে বিশ্বাস করে না। ইসরাইল ডেমোক্রেসি ইনস্টিটিউটের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, প্রায় ৬৬ শতাংশ ইসরাইলি যুদ্ধের অবসান চায়।

তেলআবিব মেডিকেল সেন্টারের মনোরোগ বিশেষজ্ঞ এবং পাবলিক মেন্টাল হেলথ ইনস্টিটিউটের প্রধান ওরেন টেনে বলেন, এই যুদ্ধের শুরুতে যে ঐকমত্য ছিল, তা সময়ের সাথে সাথে অনেকটাই নষ্ট হয়ে গেছে।

মানসিক স্বাস্থ্য সংকট:

গত দুই বছরে ইসরাইল লেবানন ও সিরিয়ার কিছু অংশে আক্রমণ করেছে এবং ইয়েমেন ও ইরানেও হামলা চালিয়েছে। একইসাথে গাজা উপত্যকায় মারাত্মক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে।

ওরেন টেনে জানান, ইসরাইলে মানসিক রোগের ওষুধ সেবনের মাত্রা বেড়েছে। জুন মাসে ইরানের সঙ্গে ১২ দিনের যুদ্ধ বিশেষভাবে যন্ত্রণাদায়ক ছিল। কারণ ইরানি ক্ষেপণাস্ত্র ইসরাইলে আঘাত হানে। আতঙ্কে লোকজন বোমা আশ্রয়কেন্দ্রে থাকতে বাধ্য হয়। এসময় অনেক রোগী আসতেন তার কাছে।

৭ অক্টোবরের হামলার পর, ইসরাইল বন্দুক লাইসেন্সের নিয়ম শিথিল করে। প্রতিদিন হাজার হাজার বেসামরিক নাগরিক আগ্নেয়াস্ত্র কেনেন।

ইসরাইলের অয়েলফেয়ার অথরিটি জানায়, যুদ্ধের প্রথম ছয় মাসে পারিবারিক সহিংসতার রিপোর্টে ৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

টেনে গাজা থেকে ফিরে আসা তরুণ সেনাদেররকেও মানসিক চিকিৎসা দিয়েছেন। তিনি এমন অনেক সেনাকে চিকিৎসা করেছেন যারা গাজা যুদ্ধে প্রচণ্ড মানসিক আঘাত পেয়েছেন।

ফিলিস্তিনিদের দুর্দশার প্রতি উদাসীনতা:

গাজা থেকে সেনারা কী পরিস্থিতি প্রত্যক্ষ করে আসেন, তা বেশিরভাগ ইসরাইলিই জানেন না। ইসরাইলি সংবাদমাধ্যম বেশিরভাগ ক্ষেত্রেই দর্শক বা পাঠকদের কাছে থেকে তা আড়াল করে রাখে। যারফলে ফিলিস্তিনিদের দুর্দশার প্রতি সহানুভূতি তৈরি হচ্ছে না ইসরাইলিদের মনে। মানুষের দুর্দশায় তারা থাকছেন অনুভূতিহীন।

বিশ্বব্যাপী ইসরাইল বিরোধীতা:

ইউরোপসহ বিশ্বজুড়ে ইসরাইলের যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। যুদ্ধের বিভিন্ন দেশে ইহুদি এবং ইসরাইলিদের ওপর হামলার ঘটনা ঘটছে। আন্তর্জাতিক ক্রীড়া এবং সঙ্গীত প্রতিযোগিতায় ইসরাইলের অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করা হচ্ছে। বিভিন্ন দেশে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করছে।

ইসরাইলি হিসেবে বিশ্ব ভ্রমণ:

যুদ্ধের তীব্রতা থেকে মুক্তি পেতে তেলআবিব আন্তর্জাতিক বিমানবন্দর হল ইসরাইলিদের প্রবেশদ্বার। সেই পালানোর পথ এখন আর আগের মতো নেই- ইয়েমেন ও ইরান থেকে বার বার ক্ষেপণাস্ত্র হামলার কারণে।

গল্পের সমাপ্তি ভালো হবে:

বিমানবন্দরের পার্কিংয়ের দেয়ালে যুদ্ধে নিহত তরুণ ইসরাইলি সেনাদের হাসিমুখের স্টিকার লাগানো আছে।

একটি স্টিকারে গাজায় নিহত ছেলের প্রতি তার মায়ের করা প্রশংসাসূচক উক্তি রয়েছে: ‘আমাদের গল্পের একটি ভালো সমাপ্তি হবে।’

যুদ্ধ শেষ হলে, ইসরাইলিরা গত দুই বছরে তারা যে মূল্য চুকিয়েছে তার হিসাব করতে শুরু করবে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...