আলবানিজকে কোস্টারিকায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ায় কেন উচ্ছ্বাস করছে ইসরাইল

আলবানিজকে কোস্টারিকায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ায় কেন উচ্ছ্বাস করছে ইসরাইল
জাতিসংঘের স্বাধীন বিশেষ প্রতিবেদক ফ্রান্সেস্কা আলবানিজ। ছবি: রয়টার্স

জাতিসংঘের স্বাধীন বিশেষ প্রতিবেদক ফ্রান্সেস্কা আলবানিজকে দেশে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা। জাতীয় নিরাপত্তার জন্য তাকে ঝুঁকি হিসেবে বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তবে গাজায় ইসরাইলের সামরিক অভিযান, ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন এবং অধিকৃত ভূখণ্ডে ইসরাইলি বসতি সম্প্রসারণের কঠোর সমালোচক আলবানিজের বিরুদ্ধে এমন পদক্ষেপে উচ্ছ্বাস প্রকাশ করেছে ইসরাইল। অন্যদিকে কোস্টারিকার বিভিন্ন রাজনৈতিক দল, মানবাধিকার সংগঠন ও বিশ্ববিদ্যালয় এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাজধানী সান হোসের হুয়ান সান্তামারিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর নিরাপত্তার কারণ দেখিয়ে আলবানিজকে আটকে দেয় পুলিশ। কোস্টারিকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি নেওয়ার কথা ছিল তার। শুক্রবারও তাকে বিমানবন্দরে আটকে রাখা হয়েছিল। এ সিদ্ধান্তকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন আলবানিজ।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে ব্যাখ্যা দেন কোস্টারিকার অভিবাসন কর্তৃপক্ষের মহাপরিচালক ওমের বাদিয়া। তিনি বলেন, ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে আলবানিজের বিরুদ্ধে আন্তর্জাতিক সতর্কতা রয়েছে। এ কারণে তাকে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।’ তবে কী ধরনের সতর্কতা জারি করা হয়েছে কিংবা কোন দেশ তা জারি করেছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

বাদিয়া আরো বলেন, জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়লে দেশটির পুলিশ কর্তৃপক্ষ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়।

ইসরাইলের পাশাপাশি জাতিসংঘে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ড্যানি ড্যাননও এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তবে কোস্টারিকার বিভিন্ন রাজনৈতিক দলের আইনপ্রণেতা, আঞ্চলিক নেতৃবৃন্দ, মানবাধিকার সংগঠন এবং কোস্টারিকা বিশ্ববিদ্যালয় এর প্রতিবাদ জানিয়েছে। তারা আলবানিজের সঙ্গে আচরণের ব্যাখ্যা দাবি করেছেন।

বৃহস্পতিবার লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের মানবাধিকার আইনজীবী, বিচারক ও কৌঁসুলিদের সংগঠন এজেইউএফআইডিএইচ আন্তঃআমেরিকান মানবাধিকার কমিশনের কাছে আবেদন করেছে। তারা কোস্টারিকা সরকারের কাছে এ সিদ্ধান্তের ব্যাখ্যা চাওয়ার আহ্বান জানিয়েছে। সংগঠনটির মতে, এ নিষেধাজ্ঞা জাতিসংঘের বিশেষজ্ঞদের সুরক্ষায় আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন করতে পারে।

কোস্টারিকার বিভিন্ন রাজনৈতিক দলের আইনপ্রণেতারা এ সিদ্ধান্তকে স্বেচ্ছাচারী বলে সমালোচনা করেছেন। তাদের মতে, মানবাধিকার ও আন্তর্জাতিক আইন রক্ষায় দেশটির যে সুনাম রয়েছে, এ সিদ্ধান্ত তা ক্ষুণ্ন করতে পারে।

এদিকে কোস্টারিকা বিশ্ববিদ্যালয় দেশটির অভিবাসন কর্তৃপক্ষ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে জানতে চেয়েছে, কোন আইনি ভিত্তিতে আলবানিজকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে।

ইসরাইলের সমালোচক আলবানিজ কেন আলোচনায়

ফ্রান্সেস্কা আলবানিজ ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক। এ দায়িত্বে থেকে তিনি ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ নথিবদ্ধ করেছেন। গাজায় ইসরাইল গণহত্যা চালাচ্ছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে বর্ণবাদী বৈষম্যের ব্যবস্থা বজায় রেখেছে এবং অধিকৃত পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণের মাধ্যমে ভূখণ্ড দখল করছে বলে অভিযোগ তার।

২০২৪ সালের মার্চে প্রকাশিত ‘অ্যানাটমি অব আ জেনোসাইড’ শীর্ষক প্রতিবেদনে আলবানিজ বলেন, ইসরাইল জাতিসংঘের গণহত্যা সনদে নিষিদ্ধ কর্মকাণ্ড করেছে—এমন সিদ্ধান্তে পৌঁছানোর যুক্তিসংগত ভিত্তি রয়েছে। ওই প্রতিবেদন প্রকাশের পর তিনি বহু হুমকি পেয়েছিলেন।

পরে ইসরাইলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ, দেশটির ওপর নিষেধাজ্ঞা জারি এবং দখলদারত্ব টিকিয়ে রাখতে সহায়তা করা বাণিজ্য ও আর্থিক সম্পর্ক বন্ধের আহ্বান জানান তিনি।

বিশেষ প্রতিবেদকের দায়িত্ব পালনকালে আলবানেজ বারবার ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি দখলদারত্বকে বর্ণবাদী ব্যবস্থা ও বসতি স্থাপনকারী ঔপনিবেশিকতার একটি স্থায়ী রূপ হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, ফিলিস্তিনিদের উচ্ছেদ এবং অবৈধ ইসরাইলি বসতি সম্প্রসারণ বৃহত্তর ভূখণ্ড দখল প্রক্রিয়ার অংশ।

ইসরাইলের আন্তর্জাতিক মিত্রদেরও সমালোচনা করেছেন আলবানেজ। তার অভিযোগ, বিভিন্ন সরকার আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা রক্ষায় ব্যর্থ হচ্ছে। বরং কূটনৈতিক সুরক্ষা ও সামরিক সহায়তা দিয়ে ইসরাইলের কর্মকাণ্ডে সহযোগিতা করছে।

২০২৫ সালের জুলাইয়ে প্রকাশিত আরেকটি প্রতিবেদনে তিনি আরো এক ধাপ এগিয়ে যান। ওই প্রতিবেদনে মাইক্রোসফট, অ্যামাজন ও গুগলসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান, অস্ত্র নির্মাতা ও আর্থিক প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেন। তার অভিযোগ, এসব প্রতিষ্ঠান ইসরাইলের দখলদারত্ব ও সামরিক অভিযান টিকিয়ে রাখতে সহায়তা করছে।

এ কারণে ইসরাইলের সঙ্গে বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক ছিন্ন করা, অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ এবং সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে জবাবদিহির আওতায় আনার জন্য বিভিন্ন দেশের সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

শুক্রবার আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হিউম্যান রাইটস ওয়াচের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিভাগের পরিচালক বালকিস জাররাহ বলেন, ‘ফ্রান্সেস্কা আলবানিজকে কোস্টারিকায় প্রবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত এমন এক সময় নেওয়া হলো, যখন ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি কর্তৃপক্ষের নৃশংসতার সমালোচনা বন্ধ করার চেষ্টা বাড়ছে। এসব অপরাধের দায়মুক্তি নিশ্চিত করা এবং এতে অন্য সরকারগুলোর সহযোগিতা আড়াল করার প্রচেষ্টাও চলছে।’

কে এই ফ্রান্সেস্কা আলবানিজ

ফ্রান্সেস্কা আলবানিজের জন্ম ১৯৭৭ সালে ইতালির দক্ষিণাঞ্চলের কাম্পানিয়া অঞ্চলের একটি ছোট শহরে। তার বাবা ছিলেন আইনজীবী, মা গৃহিণী।

আলবানিজের ভাষ্য অনুযায়ী, ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিয়ে তার আগ্রহ তৈরিতে বাবার ব্যক্তিগত গ্রন্থাগারের ভূমিকা ছিল। সেখানে হলোকাস্ট থেকে বেঁচে যাওয়া লেখক প্রিমো লেভির লেখা পড়ার সুযোগ পান তিনি। এ ছাড়া প্রথম ইন্তিফাদার সময় ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে তার বড় ভাইয়ের শোবার ঘরে লাগানো পোস্টারগুলোও তাকে অনুপ্রাণিত করেছিল।

২০২৫ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আলবানেজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধ চালানোর অভিযোগ তুলে তার ওপর এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

নিষেধাজ্ঞার আওতায় আলবানিজের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের আইনগত এখতিয়ারের আওতায় থাকা তার সম্পদ ও আর্থিক স্বার্থ জব্দ করার ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে মার্কিন নাগরিকদের তার সঙ্গে আর্থিক লেনদেন নিষিদ্ধ করা হয়। এর ফলে যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থার বড় একটি অংশ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েন তিনি।

যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছিল জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংগঠন। জাতিসংঘের মানবাধিকার পরিষদের একটি কমিটি এ পদক্ষেপকে জাতিসংঘের পুরো ব্যবস্থা এবং মানবাধিকার, ন্যায়বিচার, জবাবদিহি ও আইনের শাসনের মূল মূল্যবোধের ওপর মার্কিন প্রশাসনের ধারাবাহিক আঘাতের অংশ হিসেবে বর্ণনা করে।

হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের সমালোচনা করে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একে ‘আন্তর্জাতিক ন্যায়বিচারের প্রতি লজ্জাজনক অবমাননা’ বলে অভিহিত করেছিল।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...