ভারতের মাটিতে প্রথমবারের মতো অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের ছয়টি এফ-৩৫ যুদ্ধবিমান। এসব অত্যাধুনিক যুদ্ধবিমানের সঙ্গে দুই শতাধিক মার্কিন সেনাসদস্যও ভারতে এসেছেন। যোধপুরে শুরু হওয়া বহুজাতিক বিমান মহড়া ‘তরং শক্তি’তে অংশ নিতেই এফ-৩৫গুলোর এই সফর।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোর বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক যুদ্ধবিমানগুলো এবার ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমানগুলোর সঙ্গে একই আকাশে মহড়ায় অংশ নেবে। এটিকে তিনি গুরুত্বপূর্ণ ও আনন্দের বিষয় হিসেবে উল্লেখ করেন।
যোধপুর বিমানঘাঁটিতে আয়োজিত এই আন্তর্জাতিক মহড়া আগামী ১২ অক্টোবর পর্যন্ত চলবে। এতে যুক্তরাষ্ট্র ও ভারত ছাড়াও বাংলাদেশ, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরাত অংশ নিচ্ছে।
মহড়ায় নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনের জন্য ভারতীয় বিমানবাহিনীও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান নিয়ে অংশ নিয়েছে। এর মধ্যে রয়েছে ফরাসি প্রযুক্তির রাফাল, দেশীয়ভাবে তৈরি তেজস এবং রাশিয়ার মিগ-২৯।
ভারতে এফ-৩৫ যুদ্ধবিমানের প্রথম উপস্থিতিকে ঘিরে আন্তর্জাতিক মহড়াটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। যুক্তরাষ্ট্রের অন্যতম আধুনিক যুদ্ধবিমান হিসেবে পরিচিত এফ-৩৫-এর ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেওয়া দুই দেশের সামরিক সহযোগিতার ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
সূত্র: এনডিটিভি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


