ধর্মান্তরবিরোধী মামলায় আগাম জামিন পেলেন মুসলিম যুবক

ধর্মান্তরবিরোধী মামলায় আগাম জামিন পেলেন মুসলিম যুবক
প্রতীকী ছবি

ভারতের মহারাষ্ট্রে সদ্য পাস হওয়া ধর্মীয় স্বাধীনতা আইনের অধীনে দায়ের হওয়া মামলায় আগাম জামিন পেয়েছেন এক মুসলিম যুবক। ২২ বছর বয়সী এক হিন্দু নারীকে বিয়ে এবং জোরপূর্বক ধর্মান্তরের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছিলেন ওই নারীর মা।

গত ২০ নভেম্বর মুম্বাইয়ের দিনদোশি দায়রা আদালতের বিচারক পি এ সানে অভিযুক্তের আগাম জামিন মঞ্জুর করেন। আদালত বলেন, ওই যুগল ১৯৫৪ সালের বিশেষ বিবাহ আইনের অধীনে বিয়ে করেছেন। এ পর্যায়ে তাদের মধ্যে নিকাহ কিংবা নারীর ইসলাম ধর্ম গ্রহণের সপক্ষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

অভিযোগ অনুযায়ী, করোনাকালীন সময় থেকে ওই নারীর সঙ্গে অভিযুক্তের পরিচয় ও সম্পর্ক ছিল। পরে অভিযুক্ত তাকে ইসলাম গ্রহণ করলে বিয়ের প্রতিশ্রুতি দেন বলে দাবি করেন তার মা। গত ১৮ অক্টোবর বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর ওই নারী মাকে জানান, তিনি স্বেচ্ছায় অভিযুক্তকে বিয়ে করেছেন।

অন্যদিকে, অভিযুক্ত আদালতকে জানান, গত ১৬ অক্টোবর বিশেষ বিবাহ আইনে তাদের বিয়ে সম্পন্ন ও নিবন্ধিত হয়। ধর্মান্তরে বাধ্য করা কিংবা কোনো ধরনের চাপ প্রয়োগের অভিযোগও অস্বীকার করেন তিনি।

তদন্তের সময় কথিত নিকাহ পরিচালনাকারী মৌলভির রেজিস্টার জব্দ করে পুলিশ। তবে সেখানে ওই যুগলের নিকাহের কোনো তথ্য পাওয়া যায়নি। আদালত বলেন, বোরকা পরা ছবি কিংবা আমন্ত্রণপত্রে ‘আয়েশা’ নামের উল্লেখ এককভাবে ধর্মান্তরের প্রমাণ হতে পারে না।

আদালতে ওই নারীও আইনজীবীর মাধ্যমে জানান, তিনি স্বেচ্ছায় বিয়ে করেছেন এবং তার ওপর কোনো ধরনের জবরদস্তি, হুমকি বা চাপ প্রয়োগ করা হয়নি।

জামিনের শর্ত হিসেবে অভিযুক্তকে ৫০ হাজার রুপির ব্যক্তিগত বন্ড ও সমপরিমাণ অর্থের একজন জামিনদার দিতে বলা হয়েছে। পাশাপাশি আগামী ৯০ দিন সপ্তাহে দুই দিন থানায় হাজিরা, তদন্তে সহযোগিতা এবং অভিযোগকারী ও সাক্ষীদের সঙ্গে যোগাযোগ না করার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগও করতে পারবেন না তিনি।

এদিকে, মহারাষ্ট্রের নতুন ধর্মান্তরবিরোধী আইনের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছে অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস (এপিসিআর)। আইনটির বিরুদ্ধে বোম্বে হাইকোর্টেও পৃথক আবেদন করা হয়েছে। আবেদনকারীদের দাবি, আইনটি ব্যক্তিস্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, বিবেকের স্বাধীনতা ও গোপনীয়তার সাংবিধানিক অধিকারের পরিপন্থি।

সূত্র: মাকতুব মিডিয়া

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...