চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়ার সিইওর পরকীয়া, ঝুঁকিতে যুক্তরাষ্ট্রের যেসব গোপন তথ্য

চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়ার সিইওর পরকীয়া, ঝুঁকিতে যুক্তরাষ্ট্রের যেসব গোপন তথ্য
অ্যালিস হুয়াং ও জেনসেন হুয়াং। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের পরকীয়া সম্পর্ক নিয়ে ওয়াশিংটনে উদ্বেগ বাড়ছে। ওই সম্পর্কের মাধ্যমে চীনা গোয়েন্দারা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট কোনো তথ্য পেয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় জেনসেন হুয়াংকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে চাচ্ছেন মার্কিন আইনপ্রণেতারা। তাদের আশঙ্কা, চীনা গোয়েন্দাদের সঙ্গে সংশ্লিষ্ট এক নারীর সম্পর্কের কারণে এনভিডিয়ার গুরুত্বপূর্ণ তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে।

বিজ্ঞাপন

৬৩ বছর বয়সি জেনসেন হুয়াং এনভিডিয়ার নেতৃত্বে থাকার সময় বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর কথা স্বীকার করেছেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই নারী হলেন অ্যালিস হুয়াং। তিনি সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক নির্বাহী। তার বিরুদ্ধে চীনা গোয়েন্দাদের হয়ে কাজ করার অভিযোগ রয়েছে।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের তিনটি কমিটির রিপাবলিকান নেতারা জেনসেন হুয়াংকে রুদ্ধদ্বার বৈঠকে হাজির হয়ে বক্তব্য দেওয়ার অনুরোধ জানিয়েছেন। প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান ব্রায়ান মাস্ট বলেছেন, বুধবার দিনের শেষ নাগাদ হুয়াং সাড়া না দিলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সমন জারি করতে প্রস্তুত তিনি।

দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, অ্যালিস হুয়াংকে চীনা গোয়েন্দারা নিয়োগ দিয়েছিলেন। তার কাজ ছিল এনভিডিয়ার প্রধান নির্বাহী সম্পর্কে তথ্য সংগ্রহ করা এবং চীনে চিপ বিক্রির ওপর যুক্তরাষ্ট্রের বিধিনিষেধ শিথিল করতে তাকে প্রভাবিত করা।

রোববার দেওয়া এক বিবৃতিতে জেনসেন হুয়াং তার পরিবার ও এনভিডিয়ার কর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন। তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্কের মধ্যে প্রতিষ্ঠানটি একটি স্বাধীন তদন্ত শুরু করেছে। এনভিডিয়া জানিয়েছে, জাতীয় নিরাপত্তা বা প্রতিষ্ঠানটির গোপন তথ্যের কোনো ক্ষতি হয়েছে বলে বিশ্বাস করার মতো কারণ তাদের কাছে নেই।

তবে বুধবার সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিতর্কের জেরে জেনসেন হুয়াংয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার প্রস্তুতি নিচ্ছে এনভিডিয়া।

সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন, বিষয়টি নিয়ে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। তবে তিনি হুয়াংয়ের প্রতি সমর্থন জানিয়েছেন। হুয়াংকে ‘সম্মানিত ব্যক্তি’ বলেও উল্লেখ করেছেন ট্রাম্প।

এদিকে মার্কিন বিনিয়োগকারী জিম ক্রেমার হুয়াংয়ের পদত্যাগের পক্ষে মত দিয়েছেন। পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তাকে ব্ল্যাকমেল করার সম্ভাবনা এতটাই বেশি যে এনভিডিয়ার চিপের মতো স্পর্শকাতর বিষয় বিবেচনায় আমার মনে হয়, তার পদ ছেড়ে দেওয়া উচিত।’

তবে ৩০ বছরেরও বেশি আগে এনভিডিয়া সহপ্রতিষ্ঠা করা হুয়াং এখন পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দেননি।

প্রতিষ্ঠানটির আশ্বাস সত্ত্বেও বিশেষজ্ঞরা বলছেন, এই সম্পর্কের কারণে অ্যালিস হুয়াং এনভিডিয়ার কোন কোন তথ্য জানার সুযোগ পেয়েছিলেন এবং প্রধান নির্বাহীর সিদ্ধান্ত গ্রহণে তার কোনো প্রভাব ছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

এনভিডিয়াকে ঘিরে জাতীয় নিরাপত্তার উদ্বেগ কেন

বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বড় একটি অংশ পরিচালিত হয় এনভিডিয়ার তৈরি উন্নত চিপের মাধ্যমে। এ কারণে যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তিগত আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

চীনের সামরিক বাহিনী বা গোয়েন্দা সংস্থা এসব চিপ ব্যবহার করতে পারে—এমন আশঙ্কায় ২০২২ সাল থেকে দেশটিতে উন্নত প্রযুক্তির কিছু চিপ বিক্রির ওপর বিধিনিষেধ আরোপ করেছে ওয়াশিংটন।

দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উদ্ধৃত মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, চীনে চিপ রপ্তানির ওপর বিধিনিষেধ শিথিল করতে জেনসেন হুয়াংকে প্রভাবিত করার দায়িত্ব দেওয়া হয়েছিল অ্যালিস হুয়াংকে।

এনভিডিয়ার প্রধান নির্বাহী আগে থেকেই এসব বিধিনিষেধ শিথিল করার পক্ষে কথা বলে আসছিলেন। তার যুক্তি ছিল, যুক্তরাষ্ট্রের পণ্য ব্যবহারের সুযোগ না পেলে চীনের নিজস্ব চিপশিল্প আরো শক্তিশালী হয়ে উঠবে।

তবে কিছু বিশেষজ্ঞের মতে, অ্যালিস হুয়াংয়ের সাবেক প্রতিষ্ঠান মেগাস্পিডকে ঘিরে এনভিডিয়ার নেওয়া সিদ্ধান্তগুলোও খতিয়ে দেখা প্রয়োজন। প্রায় দুই বছরে মেগাস্পিড এনভিডিয়ার কাছ থেকে ৪৮০ কোটি ডলারের বেশি মূল্যের চিপ কিনেছিল।

চীনা প্রতিষ্ঠানগুলোকে বিধিনিষেধের আওতায় থাকা চিপ পেতে সহায়তা করার অভিযোগে মেগাস্পিডের বিরুদ্ধেও তদন্ত হয়েছে। তবে প্রতিষ্ঠানটি এ অভিযোগ অস্বীকার করেছে।

চীনের প্রযুক্তি ও গোয়েন্দা কার্যক্রম নিয়ে গবেষণাকারী ফাউন্ডেশন ফর আমেরিকান ইনোভেশনের গবেষক রায়ান ফেদাসিউক এ বিষয়ে ব্লুমবার্গ ও দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের কথা উল্লেখ করেছেন। ওই প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, মেগাস্পিডের বিরুদ্ধে তদন্তের বিষয়ে এনভিডিয়া যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল।

ফেদাসিউক আরো বলেন, মার্কিন সরকারের কাছে জমা দেওয়া তথ্য-উপাত্তে মেগাস্পিডের কাছে বিক্রি করা চিপের আর্থিক মূল্য প্রকৃত পরিমাণের তুলনায় অনেক কম দেখিয়েছে বলে মনে হয়েছে।

আলজাজিরাকে তিনি বলেন, ‘মূল প্রশ্ন হলো, মেগাস্পিডের ক্ষেত্রে এনভিডিয়া কি এমন কিছু নির্দিষ্ট পদক্ষেপ নিয়েছিল, যা অন্যথায় তারা নিত না? দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার ব্যক্তিগত সম্পর্কের কারণে এমনটি হয়ে থাকতে পারে।’

কোন কোন গোপন তথ্য ঝুঁকিতে পড়তে পারে

জেনসেন হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের কারণে অ্যালিস হুয়াং এনভিডিয়ার স্পর্শকাতর তথ্য জানার সুযোগ পেয়েছিলেন কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

যুক্তরাষ্ট্রের গবেষণাপ্রতিষ্ঠান কাউন্সিল অন ফরেন রিলেশনসের প্রকাশিত এক বিশ্লেষণে প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ গবেষক জেসিকা ব্র্যান্ডট এনভিডিয়ার চীনের বাজারের জন্য বিশেষভাবে তৈরি চিপের নকশাসংক্রান্ত তথ্যের ঝুঁকির কথা তুলে ধরেছেন।

তিনি বলেন, ‘নীতিনির্ধারকদের সঙ্গে এনভিডিয়ার আলোচনার তথ্য জানা থাকলে ভবিষ্যতে এসব নিয়ন্ত্রণ ও অন্যান্য নীতি কোন দিকে এগোতে পারে, তা আগাম অনুমান করা সম্ভব। সরকারের সঙ্গে প্রতিষ্ঠানটির মতবিরোধ কোথায়, তা জানা গেলে সেই দুর্বল জায়গাগুলো কাজে লাগানোর সুযোগ তৈরি হতে পারে। এর বাইরে গবেষণা ও উন্নয়নসংক্রান্ত তথ্যের বিষয় তো রয়েছেই।’

রায়ান ফেদাসিউকও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, অ্যালিস হুয়াং এনভিডিয়ার অভ্যন্তরীণ কার্যক্রম, ভবিষ্যতের পণ্য পরিকল্পনা এবং গ্রাহকদের বিষয়ে তথ্য জানার সুযোগ পেয়ে থাকতে পারেন। এনভিডিয়ার গ্রাহকদের মধ্যে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের প্রযুক্তিপ্রতিষ্ঠান রয়েছে।

জেনসেন হুয়াংয়ের সঙ্গে ট্রাম্প ও হোয়াইট হাউসের অন্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টিও উল্লেখ করেছেন ফেদাসিউক।

তিনি বলেন, ‘এসব ব্যক্তি এবং তাদের সঙ্গে হুয়াংয়ের সম্পর্কের বিষয়ে কী ধরনের তথ্য অনিচ্ছাকৃতভাবে অ্যালিস হুয়াং বা চীনা গোয়েন্দাদের কাছে পৌঁছে থাকতে পারে, তা নিয়ে আমার প্রশ্ন রয়েছে।’

তবে এখন পর্যন্ত প্রকাশ্যে আসা কোনো প্রমাণে দেখা যায়নি যে অ্যালিস হুয়াং এনভিডিয়ার স্পর্শকাতর তথ্য পেয়েছিলেন কিংবা জেনসেন হুয়াংয়ের সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলেছিলেন। অ্যালিস হুয়াং চীনা গোয়েন্দাদের হয়ে কাজ করতেন—এমন কোনো প্রমাণও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো প্রকাশ করেনি।

অন্যদিকে গুপ্তচরবৃত্তির এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে চীন। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ‘তথাকথিত চীনা গুপ্তচরদের নিয়ে এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। এটি চীনের বিরুদ্ধে অপপ্রচার ছাড়া আর কিছুই নয়।’

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...