ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সামরিক তৎপরতায় ন্যাটো সদস্য দেশগুলোর প্রতিক্রিয়ায় গভীর অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক মার্কো রুবিও।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, ন্যাটো নিয়ে ট্রাম্প প্রশাসনের হতাশা ক্রমেই বাড়ছে। বিশেষ করে, স্পেন যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় ওয়াশিংটনের অসন্তোষ আরো তীব্র হয়েছে।
রুবিও বলেন, আমি বুঝি কেন ন্যাটো ইউরোপ ও আমেরিকার জন্য গুরুত্বপূর্ণ? কারণ এটি আমাদের এমন সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ দেয়, যেখান থেকে মধ্যপ্রাচ্য বা অন্য কোনো সংকটময় পরিস্থিতিতে দ্রুত শক্তি প্রদর্শন করা সম্ভব।
তিনি আরো বলেন, যখন ন্যাটোতে থাকার প্রধান যৌক্তিকতা এমন সামরিক সহযোগিতা, তখন স্পেনের মতো দেশ যদি আমাদের ঘাঁটি ব্যবহারে বাধা দেয়, তাহলে প্রশ্ন ওঠে তারা ন্যাটোতে কেন আছে? এটি খুবই যৌক্তিক প্রশ্ন।
রুবিওর ভাষ্য অনুযায়ী, ইরান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সামরিক প্রচেষ্টায় ন্যাটো সদস্যদের সহযোগিতা প্রত্যাশার তুলনায় অনেক কম ছিল। এ কারণে প্রেসিডেন্ট ট্রাম্প ন্যাটোর ভূমিকা নিয়ে খুবই হতাশ।
সাম্প্রতিক এ মন্তব্য ট্রাম্প প্রশাসন ও ন্যাটো জোটের মধ্যে বিদ্যমান টানাপোড়েনকে আরো স্পষ্ট করে তুলেছে। বিশেষ করে ইউরোপীয় মিত্রদের সামরিক সহযোগিতা ও প্রতিরক্ষা ব্যয় নিয়ে ট্রাম্পের দীর্ঘদিনের সমালোচনার ধারাবাহিকতাতেই নতুন করে এ ইস্যু সামনে এসেছে।
সূত্র: আল জাজিরা
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


