মেক্সিকোর কারাগারে সংঘর্ষে নিহত ১০, আহত ১৬

মেক্সিকোর কারাগারে সংঘর্ষে নিহত ১০, আহত ১৬
ক্সিকোর মাজাতলানে অবস্থিত এল কাস্টিলো কারাগারে দাঙ্গার খবরের পর ৮ অক্টোবর কারাগারের বাইরে মেক্সিকান সেনাবাহিনীর সদস্যরা পাহারায় রয়েছেন। ছবি: এএফপি

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া অঙ্গরাজ্যের একটি কারাগারে সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৬ জন। নিহত ব্যক্তিদের মধ্যে নয়জন কারাবন্দি এবং একজন অপ্রাপ্তবয়স্ক স্বজন রয়েছেন। যিনি কারাগারে পরিবারের সদস্যের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার অঙ্গরাজ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

সিনালোয়া অঙ্গরাজ্যের মাজাতলান শহরের এল কাস্তিয়ো কারাগারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সিনালোয়া জননিরাপত্তা সচিবালয় জানিয়েছে, কারাগারের ভেতরে সংঘর্ষে ওই ১০ জন নিহত হন। আহত ১৬ জন বন্দিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

অঙ্গরাজ্যের জননিরাপত্তা সচিব সিনুহে তেলেস সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নিহত ব্যক্তিদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক দর্শনার্থী থাকার কথা জানান।

সচিবালয় আরো জানিয়েছে, বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে গঠিত একটি দল কারাগারে অভিযান চালিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা এখনো সেখানে অবস্থান করছেন।

তেলেস বলেন, নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন সমাজকল্যাণ বিভাগের কর্মীরা। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কারাগারে বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কারাগারের অন্য বন্দিরা নিরাপদে রয়েছেন।

মেক্সিকোর সিনালোয়া অঙ্গরাজ্য মাদক পাচারকারী সিনালোয়া কার্টেলের পরস্পরবিরোধী গোষ্ঠীগুলোর সংঘাতের অন্যতম কেন্দ্র। নিরাপত্তাঝুঁকির কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর যে ছয়টি মেক্সিকান অঙ্গরাজ্যে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে, সিনালোয়া তার একটি।

তবে কারাগারে সংঘটিত এই সহিংসতার সঙ্গে মাদক কার্টেলের অভ্যন্তরীণ সংঘাতের কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে কর্মকর্তারা কিছু জানাননি।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন