আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ব্রাজিলে ভারী বর্ষণে বন্যায় নিহত ২৩

আমার দেশ অনলাইন

ব্রাজিলে ভারী বর্ষণে বন্যায় নিহত ২৩

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস গেরাইস রাজ্যে প্রবল বৃষ্টিপাতের ফলে বন্যা দেখা দিয়েছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে ২৩ জন। নিখোঁজ রয়েছেন ৪০ জনেরও বেশি। নিখোঁজদের সন্ধানে কাজ করছেন উদ্ধারকর্মীরা। খবর আল জাজিরার।

মঙ্গলবার জুইজ ডি ফোরা পৌরসভায় কমপক্ষে ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দা ৪৪ বছর বয়সী লিভিয়া রোজা জানান, তার কয়েকজন আত্মীয় কাদার নিচে চাপা পড়েছেন। তিনি বলেন, গত রাত থেকে আমরা এখানে আছি তারা বেঁচে আছে কিনা দেখার জন্য। আশাই শেষ ভরসা।

বিজ্ঞাপন

প্রাথমিক চিত্রে দেখা গেছে, শহরের বিভিন্ন এলাকা কাদা ও পানিতে তলিয়ে গেছে। শহরটি রিও ডি জেনিরো থেকে প্রায় ৩১০ কিলোমিটার উত্তরে অবস্থিত। এ পর্যন্ত অন্তত ৪৪০ জন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। নিকটবর্তী উবা শহরেও কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। সেখানে পৃথকভাবে উদ্ধার অভিযান চলছে।

জুইজ ডি ফোরার মেয়র মার্গারিডা সালোমাও জানান, এলাকায় অন্তত ২০টি ভূমিধসের ঘটনা ঘটেছে এবং বহু বাড়িঘর ধসে পড়েছে। তিনি বলেন, চার ঘণ্টায় ১৮০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে তীব্র, ধ্বংসাত্মক ও অবিরাম। এটি আমার প্রশাসনের সবচেয়ে দুঃখজনক দিন।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিউ লুলা দা সিলভা এক বার্তায় জানিয়েছেন, সরকার সর্বাত্মক সহায়তা দেবে। তিনি বলেন, আমাদের লক্ষ্য মানবিক সহায়তা নিশ্চিত করা, মৌলিক সেবা পুনরুদ্ধার, বাস্তুচ্যুতদের সহায়তা এবং পুনর্গঠনে সহযোগিতা করা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দিনগুলোতেও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, যা উদ্ধার কার্যক্রমকে আরও জটিল করে তুলতে পারে।

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে উদ্ধার ও ত্রাণ তৎপরতা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন