ইসরাইলের আরব জয়েন্ট লিস্টের নেতা ইউসুফ জাবারিন দেশটির পার্লামেন্ট নেসেটে ইহুদিবিরোধী দলের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা শুরুর ইঙ্গিত দিয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে জোটটি জানায়, বিরোধীদের বিভিন্ন প্রস্তাবে তাদের আইনপ্রণেতাদের ভোটের বিষয়ে আলোচনা চলছে।
আলোচনায় নেসেটের স্পিকার নির্বাচন, বিচার বিভাগ সংস্কারসংক্রান্ত আইন বাতিল এবং নতুন সংসদীয় কমিটি গঠনের বিষয় রয়েছে।
জয়েন্ট লিস্টের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—বাড়িঘর উচ্ছেদ সহজ করার কামিনিতজ আইন বাতিল, আরব অধ্যুষিত এলাকায় সহিংসতা ও অপরাধ দমনে সমন্বিত পরিকল্পনা গ্রহণ এবং আরব শহরগুলোর উন্নয়নে পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন।
এছাড়া নতুন কর্মসংস্থান সৃষ্টি, শিল্পাঞ্চল গড়ে তোলা, তরুণ দম্পতিদের জন্য আবাসন প্রকল্প গ্রহণ এবং আরব সমাজের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে একটি পৃথক সংসদীয় কমিটি গঠনের দাবি জানিয়েছে দলটি। প্রস্তাবিত কমিটির নেতৃত্বও জয়েন্ট লিস্টের হাতে রাখার দাবি রয়েছে।
বিবৃতিতে বলা হয়, নেসেট ও সংসদীয় কমিটিগুলোর নিয়ন্ত্রণ নিতে বিরোধী জোটের জয়েন্ট লিস্টের সমর্থন প্রয়োজন। ১২০ আসনের নেসেটে বিরোধী ‘চেঞ্জ ব্লক’-এর আসন ৪৮টি। জয়েন্ট লিস্টের আসন ১১টি এবং মানসুর আব্বাসের নেতৃত্বাধীন ইউনাইটেড আরব লিস্টের আসন আটটি।
এদিকে, গত ৮ নভেম্বর ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সরকার গঠনের দায়িত্ব দেন ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোটকে। গত ২৭ অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহুর জোট সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। সরকার গঠনের জন্য আইজেনকোটকে ৬ ডিসেম্বর পর্যন্ত ২৮ দিন সময় দেওয়া হয়েছে। প্রয়োজনে সময় আরো ১৪ দিন বাড়ানো যাবে।
সূত্র: আনাদোলু
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




