আল জাজিরার এক্সপ্লেইনার

মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে আর কোন কোন দেশ

মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে আর কোন  কোন দেশ
ছবি: সংগৃহীত

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের নতুন প্রতিরক্ষা জোটে আরো কয়েকটি দেশকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের দৃষ্টিভঙ্গি হলো—জোটটি তিন দেশের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রয়োজনে আরো দেশকে এর আওতায় আনা।

গত শুক্রবার তিন দেশ ‘মক্কা জয়েন্ট ডিটারেন্স অ্যাগ্রিমেন্ট’ নামে প্রতিরক্ষা চুক্তি সই করে। চুক্তির মূল বিষয় হলো—জোটের কোনো একটি দেশের ওপর হামলা হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

বিজ্ঞাপন

মিসর হতে পারে পরবর্তী সদস্য

সম্ভাব্য নতুন সদস্য হিসেবে সবচেয়ে স্পষ্টভাবে উঠে এসেছে মিসরের নাম। হাকান ফিদান মিসরকে ‘স্বাভাবিক অংশীদার’ হিসেবে উল্লেখ করে বলেছেন, কিছু কারিগরি বিষয় সমাধান হলে কায়রো জোটে যোগ দিতে পারে।

তবে মিসর চুক্তির সামরিক বাধ্যবাধকতা নিয়ে সতর্ক। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক, ইসরাইলের সঙ্গে শান্তিচুক্তি এবং লিবিয়াসহ বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে নিজেদের স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ অক্ষুণ্ন রাখতে চায় কায়রো।

উপসাগরীয় দেশগুলোর দিকেও নজর

জোটের সম্ভাব্য সম্প্রসারণে কাতার ও কুয়েতের নামও গুরুত্ব পাচ্ছে। বিশ্লেষকদের মতে, তিন প্রতিষ্ঠাতা দেশের সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় এ দুই দেশের যোগ দেওয়ার সম্ভাবনা তুলনামূলক বেশি।

কাতারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জাসিম আল থানি আশা প্রকাশ করেছেন, সৌদি আরব ছাড়া অন্য সব জিসিসি সদস্য—কাতার, বাহরাইন, কুয়েত, ওমান ও সংযুক্ত আরব আমিরাত—জোটে যোগ দেওয়ার উদ্যোগ নেবে।

এ ছাড়া আজারবাইজান, সিরিয়া ও জর্ডানও ভবিষ্যতে তুলনামূলক দ্রুত জোটে যুক্ত হতে পারে বলে বিশ্লেষকেরা মনে করছেন।

তবে বিশেষজ্ঞদের মতে, এটি এখনই একটি পূর্ণাঙ্গ ন্যাটো ধাঁচের আঞ্চলিক জোটে পরিণত হবে—এমনটা নিশ্চিত নয়। বরং প্রতিটি দেশ নিজেদের নিরাপত্তা ও কূটনৈতিক স্বার্থ বিবেচনা করে ধাপে ধাপে যোগ দিতে পারে।

আঞ্চলিক নিরাপত্তায় কী প্রভাব পড়বে

মিসর ও কয়েকটি উপসাগরীয় দেশ যোগ দিলে জোটটির রাজনৈতিক প্রভাব, আঞ্চলিক গ্রহণযোগ্যতা ও সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। তবে সদস্যদের ভিন্ন ভিন্ন স্বার্থ ও আঞ্চলিক বিরোধ জোটটিকে একটি ঐক্যবদ্ধ সামরিক ব্লকে পরিণত করার পথে বড় বাধা হতে পারে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন