বাবা-মা উভয়ের জন্য সমানভাবে ছুটির ব্যবস্থা রাখা সুইডেনের সামাজিক সুরক্ষাব্যবস্থায় গুরুত্বপূর্ণ। দেশটিতে একজন সন্তানের জন্য বাবা-মা সম্মিলিতভাবে ৪৮০ দিন সবেতন অভিভাবকীয় ছুটির সুবিধা পান; মায়ের জন্য ২৪০ দিন ও বাবার জন্য ২৪০ দিন। তন্মধ্যে ৯০ দিন মায়ের জন্য এবং ৯০ দিন বাবার জন্য সুনির্দিষ্টভাবে সংরক্ষিত থাকে, যা অন্যজনকে হস্তান্তর করা যায় না। বাকি ৩০০ দিন বাবা-মা নিজেদের ইচ্ছেমতো ভাগ করে নিতে পারেন। ৩৯০ দিন আয়ের ওপর ভিত্তি করে (পূর্ণ বেতনের প্রায় ৮০% হারে) রাষ্ট্রীয় ভাতা দেওয়া হয়। অবশিষ্ট ৯০ দিন একটি নির্দিষ্ট সর্বনিম্ন হারে ভাতা প্রদান করা হয়। এছাড়া অনেক প্রতিষ্ঠান তাদের কর্মীদের এই ভাতার সাথে বাড়তি অর্থ যোগ করে দেয়।
বাবা ও মা চাইলে সন্তানের প্রথম ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ ৬০ দিন একই সময়ে ছুটি নিতে পারেন। একে বলা হয় ডাবল ডেজ। মা-বাবা চাইলে ছুটির দিনগুলো একসঙ্গে না নিয়ে ভাগ করে দীর্ঘ সময় ধরে ব্যবহার করতে পারেন। ফলে ৪৮০ দিনের সুবিধা মানেই টানা ১৬ মাস বাড়িতে থাকতে হবে, এমন নয়। এই ব্যবস্থার লক্ষ্য কেবল মাকে দীর্ঘ ছুটি দেওয়া নয়; বাবাকেও সন্তানের পরিচর্যায় সক্রিয়ভাবে যুক্ত করা। সুইডিশ সরকার ১৯৭৪ সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে লিঙ্গনিরপেক্ষ বেতনসহ পিতামাতার ছুটির ব্যবস্থা চালু করে।
পরবর্তী সময়ে প্রত্যেক অভিভাবকের জন্য সংরক্ষিত ছুটির মেয়াদ ধাপে ধাপে বাড়ানো হয়েছে। ১৯৯৫ সালে প্রথম সংরক্ষিত মাস, ২০০২ সালে দ্বিতীয় এবং ২০১৬ সালে তৃতীয় মাস যুক্ত হয়। বর্তমানে প্রত্যেক অভিভাবকের জন্য ৯০ দিন সংরক্ষিত রাখার বিধান রয়েছে। বাবারা পিতামাতার ছুটি নিলেও মোট ছুটির দিনের হিসাবে মায়েদের অংশগ্রহণ এখনও বেশি। ২০২৩ সালে বাবারা গড়ে মোট ছুটির দিনের ৩০ দশমিক ৯ শতাংশ ব্যবহার করেছেন।
মাতৃত্ব কি নারীর পেশাগত অগ্রগতির বাধা?
সন্তান জন্মের পর একজন নারীকে কি তার পেশাগত জীবন থামিয়ে দিতে হবে? বাস্তবতা হলো, বিশ্বের বহু দেশে মাতৃত্বের কারণে নারীরা চাকরিতে পিছিয়ে পড়েন, পদোন্নতির সুযোগ হারান, আয় কমে যায় কিংবা পেশাগত জীবন থেকে সাময়িক বা স্থায়ীভাবে সরে যেতে বাধ্য হন। অর্থনীতিতে এ ধরনের দীর্ঘমেয়াদি প্রভাবকে সাধারণভাবে মাদারহুড পেনাল্টি বা মাতৃত্বজনিত পেশাগত ক্ষতি বলা হয়।
সুইডেনেও সমস্যাটি পুরোপুরি দূর হয়নি। দেশটির সরকারি গবেষণা প্রতিষ্ঠান আইএফএইউ-এর ২০২৪ সালের গবেষণায় দেখা যায়, সন্তান জন্মের পর নারীর আয়ের ওপর যে নেতিবাচক প্রভাব পড়ে, তা গত কয়েক দশকে কমলেও আশির দশকের শেষভাগ থেকে সেই অগ্রগতির গতি মন্থর হয়েছে। প্রতিষ্ঠানটির ২০২৫ সালের আরেক গবেষণায় বলা হয়েছে, অভিবাসী ও অভিবাসী পরিবারের সন্তানদের মধ্যেও মাতৃত্বের পর শ্রমবাজারে নারীদের অভিজ্ঞতায় নেতিবাচক প্রভাব দেখা যায়; সামাজিক ও প্রাতিষ্ঠানিক পরিবেশ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ওইসিডি-এর ইকোনমিক সার্ভেজ: সুইডেন ২০২৫ প্রতিবেদনও সতর্ক করেছে, সুইডেনে সামগ্রিকভাবে নারী-পুরুষের কর্মসংস্থান ও আয়ের ব্যবধান তুলনামূলক কম হলেও তা দূর হয়নি। ২০২৩ সালে বিভিন্ন ব্যক্তিগত ও কর্মক্ষেত্র-সম্পর্কিত বৈশিষ্ট্য বিবেচনায় নেওয়ার পরও দম্পতিদের মধ্যে নারীরা পুরুষদের তুলনায় ঘণ্টাপ্রতি প্রায় ১৪ শতাংশ কম আয় করেছেন। প্রতিবেদনটি আরো উল্লেখ করে, সন্তান জন্মের সময় নারীর কর্মজীবনের আয় কমে যাওয়ার প্রভাব দীর্ঘ সময় ধরে থাকতে পারে। অর্থাৎ সুইডেনের মতো উন্নত কল্যাণরাষ্ট্রেও মাতৃত্ব ও কর্মজীবনের সমন্বয় একটি চলমান নীতিগত চ্যালেঞ্জ।
বিশ্বরাজনীতিতে মাতৃত্ব ও শিশুর উপস্থিতির নজির
বিভিন্ন দেশের রাজনীতিকেরা সংসদ, আন্তর্জাতিক সম্মেলন ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে সন্তানকে সঙ্গে নিয়ে অংশগ্রহণ করেছেন। ২০১৭ সালে সুইডিশ ইউরোপীয় পার্লামেন্ট সদস্য জুতে গুটেলান্ড তার আট মাসের ছেলে উনোকে সঙ্গে নিয়ে ইউরোপীয় পার্লামেন্টে বক্তব্য দেন। তিনি তখন বলেছিলেন, রাজনীতিতে জীবনের সব অভিজ্ঞতার প্রতিনিধিত্ব থাকা প্রয়োজন; শিশুসন্তান আছে বলে কোনো রাজনীতিকের সংসদীয় দায়িত্ব পালনের সুযোগ সংকুচিত হওয়া উচিত নয়।
একই বছর অস্ট্রেলিয়ার সিনেটর লারিসা ওয়াটার্স সংসদে নিজের শিশুকে বুকের দুধ পান করিয়ে ইতিহাস তৈরি করেন। ২০১৮ সালে নিউজিল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন তার তিন মাস বয়সী মেয়ে নেভেকে নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেন। শিশুটির বাবা ক্লার্ক গেফোর্ডও তাঁর সঙ্গে ছিলেন। এই ঘটনাগুলো দেখিয়েছে, রাষ্ট্র পরিচালনা ও নীতিনির্ধারণের পরিসরে শিশুর উপস্থিতি অস্বাভাবিক বলে বিবেচিত হওয়ার যে সংস্কৃতি, তা পরিবর্তন করা সম্ভব।
২০২৬ সালের জুনে পোরমোখতারির ঘটনাকে ইউরোপীয় ইউনিয়নের মন্ত্রী পর্যায়ের বৈঠকে শিশুর প্রথম উপস্থিতি বলে সংবাদ প্রকাশিত হয়েছিল। ইউরোপীয় ইউনিয়নের এক কর্মকর্তা বলেন, তাদের জানা মতে এটি প্রথম ঘটনা। কিন্তু সুইডেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রম পরে জানান, ২০০৯ সালে তিনি নিজেও সুইডেনের মন্ত্রী থাকাকালে নিজের ছোট মেয়েকে নিয়ে ব্রাসেলসে একটি ইউরোপীয় বৈঠকে গিয়েছিলেন। ফলে একে ইউরোপীয় রাজনীতিতে কোনো শিশুর প্রথম উপস্থিতি বলা ঠিক হবে না। বরং বলা যায়, পোরমোখতারির ঘটনাটি ইউরোপীয় ইউনিয়নের মন্ত্রী পর্যায়ের বৈঠকে শিশুর উপস্থিতি নিয়ে নতুন করে আন্তর্জাতিক মনোযোগ তৈরি করেছে।
তিন মাসের শিশুকে সঙ্গে নিয়ে মন্ত্রীর দায়িত্ব
মাতৃত্ব ও পেশাগত দায়িত্বের মধ্যে একটিকে বেছে নিতে হবে—এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু বিষয়ক মন্ত্রীদের বৈঠকে তিন মাসের সন্তানকে নিয়ে হাজির হন সুইডেনের জলবায়ু ও পরিবেশমন্ত্রী রোমিনা পোরমোখতারি। ঘটনাটি কেবল একজন মায়ের ব্যতিক্রমী উপস্থিতি নয়; বরং কর্মক্ষেত্রে নারীর অধিকার, পিতৃত্বের দায়িত্ব, শিশুর যত্ন এবং রাষ্ট্রীয় সামাজিক সুরক্ষাব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দেওয়া ঘটনাটি ঘটে ২০২৬ সালের ২৫ জুন, লুক্সেমবার্গে ইউরোপীয় ইউনিয়নের জলবায়ুবিষয়ক মন্ত্রীদের বৈঠকে। সুইডেনের ৩০ বছর বয়সী মন্ত্রী রোমিনা পোরমোখতারি তার তিন মাসের ছেলে আদমকে বেবি-স্লিংয়ে বুকে নিয়ে বৈঠকে যোগ দেন। শিশুটির বাবা, অর্থাৎ মন্ত্রীর স্বামীও তার সঙ্গে ছিলেন এবং বৈঠক চলাকালে সন্তানের দেখাশোনার দায়িত্ব পালন করেন। ইউরোপীয় ইউনিয়নের এক কর্মকর্তা জানান, তাদের জানা মতে, সংস্থাটির মন্ত্রী পর্যায়ের বৈঠকে কোনো শিশুর অংশ নেওয়ার এমন ঘটনা আগে ঘটেনি। ফলে দৃশ্যটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পায়।
পোরমোখতারির স্বামী তার সঙ্গে লুক্সেমবার্গে গিয়েছিলেন এবং বৈঠক চলাকালে শিশুটির দেখাশোনা করছিলেন। তিনি তখন পিতামাতার ছুটিতে ছিলেন এবং সুইডেনের সেপ্টেম্বরের নির্বাচনের সময় পর্যন্ত ছুটিতে থাকার পরিকল্পনা ছিল। মন্ত্রীর ভাষ্যে, স্বামীর এই দায়িত্ব নেওয়া এবং কর্মস্থলের সহযোগিতা তাকে মাতৃত্ব ও মন্ত্রিত্বের মধ্যে বেছে নেওয়ার চাপ থেকে মুক্ত থাকতে সাহায্য করেছে।
পোরমোখতারির বক্তব্য ছিল, তিনি এমন একটি উদাহরণ তৈরি করতে চান, যেখানে একজন নারীকে দায়িত্বশীল মন্ত্রী হওয়া এবং সন্তানের কাছে উপস্থিত মা হওয়া—এই দুই পরিচয়ের মধ্যে কোনো একটিকে বেছে নিতে না হয়। তার ভাষায়, তিনি একই সঙ্গে একজন দায়িত্বশীল মন্ত্রী এবং সন্তানের কাছে উপস্থিত মা হতে চান। তবে এই সমন্বয়ের জন্য শুধু মায়ের ইচ্ছা যথেষ্ট নয়; প্রয়োজন সহযোগিতাপূর্ণ কর্মপরিবেশ, কার্যকর সামাজিক সুরক্ষা এবং সন্তানের বাবার সমান অংশগ্রহণও।
এখানেই ঘটনাটির তাৎপর্য। একজন মন্ত্রী তার শিশুকে সঙ্গে নিয়ে বৈঠকে গেছেন—এটি নিছক ব্যক্তিগত সিদ্ধান্তের খবর নয়। এটি এমন এক সামাজিক ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থার কথা সামনে আনে, যেখানে মাতৃত্বকে নারীর পেশাগত অগ্রগতির বাধা হিসেবে দেখা হয় না; বরং পরিবার ও কর্মজীবনের দায়িত্ব ভাগ করে নেওয়ার সুযোগ তৈরি করা হয়।
মন্ত্রীর পরিচয় ও রাজনৈতিক পথচলা
রোমিনা পোরমোখতারির এই উপস্থিতির গুরুত্ব বুঝতে তার রাজনৈতিক পরিচয়টিও জানা প্রয়োজন। ১৯৯৫ সালে জন্ম নেওয়া পোরমোখতারি সুইডেনের লিবারেল পার্টির রাজনীতিক। ২০২২ সালে মাত্র ২৬ বছর বয়সে জলবায়ু ও পরিবেশমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে তিনি সুইডেনের ইতিহাসে সর্বকনিষ্ঠ মন্ত্রী হওয়ার রেকর্ড গড়েন। এর আগে তিনি লিবারেল যুব সংগঠনের নেতৃত্ব দিয়েছেন, ইউরোপীয় যুব ফোরামে সুইডেনের প্রতিনিধিত্ব করেছেন এবং ২০২২ সালে পার্লামেন্টের সদস্যও হন। সুইডিশ সরকারের সরকারি জীবনবৃত্তান্তে তার দায়িত্বের মধ্যে জলবায়ু, পরিবেশ, রাসায়নিক পদার্থ, বর্জ্য ব্যবস্থাপনা, জীববৈচিত্র্য ও সামুদ্রিক পরিবেশের মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
মাতৃত্বের কারণে তিনি দায়িত্ব থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন। সুইডিশ সরকারের ১৫ জুন ২০২৬-এর আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি অনুযায়ী, ২ মার্চ থেকে তিনি সন্তানের যত্নে ছিলেন। এই সময়ে কর্মসংস্থানমন্ত্রী ইয়োহান ব্রিটজ জলবায়ু ও পরিবেশমন্ত্রীর দায়িত্ব পালনের ভারপ্রাপ্ত দায়িত্বে ছিলেন। ১৫ জুন পোরমোখতারি পুনরায় মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন। অর্থাৎ শিশুকে নিয়ে লুক্সেমবার্গের বৈঠকে যাওয়ার ঘটনাটি তার মাতৃত্বকালীন বিরতি শেষ করে কাজে ফেরার পরপরই ঘটে। এটি কোনো আকস্মিক সফর বা ব্যক্তিগত প্রচারের ঘটনা ছিল না; দায়িত্বে ফিরে আসার পর একজন কর্মজীবী মা কীভাবে সন্তান ও কাজের মধ্যে সমন্বয় করতে পারেন, তারই একটি দৃশ্যমান উদাহরণ।
শিশুকে সঙ্গে নেওয়া কি শুধু প্রতীকী পদক্ষেপ?
পোরমোখতারির ঘটনাকে প্রশংসা করার পাশাপাশি এর বাস্তব দিকগুলোও বিবেচনা করা প্রয়োজন। একটি শিশুকে সঙ্গে নিয়ে আন্তর্জাতিক বৈঠকে অংশগ্রহণ করা মানেই যে সব কর্মজীবী মা একইভাবে কাজ করতে পারবেন, তা নয়। মন্ত্রীর সঙ্গে তার স্বামী ছিলেন, শিশুর দেখাশোনায় সহায়তাকারী ব্যক্তিও ছিলেন। তার কর্মস্থল ও রাষ্ট্রীয় ব্যবস্থার সহযোগিতা ছিল। এই সহায়তাগুলো ছাড়া এমন উদ্যোগ অনেকের জন্য বাস্তবসম্মত নাও হতে পারে।
তিন মাসের শিশুর ঘুম, খাওয়ানো, স্বাস্থ্য ও নিরাপত্তার নিজস্ব চাহিদা রয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক বৈঠকে দীর্ঘ আলোচনা, কূটনৈতিক শিষ্টাচার, মনোযোগ ও সময়ানুবর্তিতা প্রয়োজন। কাজেই ঘটনাটির মূল শিক্ষা এই নয় যে, সব মা সন্তানকে সঙ্গে নিয়েই কর্মস্থলে যাবেন। বরং শিক্ষা হলো, কর্মক্ষেত্রকে এমনভাবে সাজাতে হবে, যাতে সন্তান জন্মের কারণে নারীর পেশাগত অধিকার ও সুযোগ অযৌক্তিকভাবে সীমিত না হয়। কেউ শিশুকে সঙ্গে নিয়ে কাজ করতে চাইলে সুযোগ থাকা উচিত; কেউ ছুটি নিতে চাইলে তারও নিরাপত্তা থাকা উচিত।
আরেকটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ—পিতৃত্বের দায়িত্ব। সন্তান জন্মের পর মায়ের কর্মজীবন থেমে যাবে, আর বাবার জীবন আগের মতো চলবে—এমন ধারণা পরিবার ও সমাজের জন্যও ক্ষতিকর। পোরমোখতারির স্বামী ছুটি নিয়ে সন্তানের পরিচর্যায় অংশ নেওয়ায় বিষয়টি কেবল একজন নারীর ব্যক্তিগত সক্ষমতার গল্প হয়ে থাকেনি; এটি দায়িত্ব ভাগ করে নেওয়ার একটি পারিবারিক দৃষ্টান্তও হয়েছে।
বাংলাদেশের জন্য শিক্ষণীয় কী?
বাংলাদেশে কর্মজীবী মায়েদের বাস্তবতা সুইডেনের মতো নয়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে মাতৃত্বকালীন ছুটি, শিশুর পরিচর্যার সুযোগ, নিরাপদ ডে-কেয়ার, কর্মঘণ্টার নমনীয়তা এবং বাবার পরিচর্যাজনিত ছুটির সুযোগ—এসব ক্ষেত্রে নীতিগত ও বাস্তব প্রয়োগের মধ্যে ব্যবধান রয়েছে। বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠান, ক্ষুদ্র ব্যবসা, পোশাকশিল্প, স্বাস্থ্যসেবা, গণমাধ্যম ও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত নারীদের অভিজ্ঞতা এক রকম নয়। কারও জন্য মাতৃত্বকালীন ছুটি থাকলেও চাকরি ও পদোন্নতির নিরাপত্তা নিশ্চিত থাকে না; কারও জন্য শিশুকে দেখাশোনার নির্ভরযোগ্য ব্যবস্থা পাওয়া কঠিন।
বাংলাদেশে কর্মজীবী মায়েদের সহায়তায় শুধু মাতৃত্বকালীন ছুটির মেয়াদ নিয়ে আলোচনা যথেষ্ট নয়। কর্মস্থলে মানসম্মত ডে-কেয়ার, বুকের দুধ খাওয়ানোর উপযোগী স্থান, নমনীয় কর্মঘণ্টা, প্রয়োজন অনুযায়ী বাসা থেকে কাজের সুযোগ, মাতৃত্বের কারণে বৈষম্য প্রতিরোধ এবং বাবার জন্য কার্যকর পিতৃত্বকালীন ছুটির বিষয়গুলোও গুরুত্ব পাওয়া দরকার। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে কর্মজীবী মা-বাবার প্রয়োজনকে ব্যক্তিগত সমস্যা হিসেবে না দেখে কর্মপরিবেশের স্বাভাবিক অংশ হিসেবে বিবেচনা করতে হবে।
এখানে ডে-কেয়ারকে কেবল শিশু রাখার জায়গা হিসেবে দেখলে চলবে না। কর্মজীবী মা-বাবার জন্য নিরাপদ, সাশ্রয়ী ও মানসম্মত শিশুযত্নের ব্যবস্থা শ্রমবাজারে নারীর অংশগ্রহণ, শিশুর প্রাথমিক বিকাশ এবং পরিবারের স্বস্তির সঙ্গে সরাসরি সম্পর্কিত। বিশেষ করে শিশুর জীবনের প্রথম কয়েক বছর তার শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ডে-কেয়ারের মান, পরিচর্যাকারীদের দক্ষতা, স্বাস্থ্যবিধি ও শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্বের অংশ হওয়া উচিত।
মাতৃত্বকে বাধা নয়, সামাজিক বাস্তবতা হিসেবে দেখা
রোমিনা পোরমোখতারির তিন মাসের সন্তানকে সঙ্গে নিয়ে ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে উপস্থিত হওয়ার ঘটনাটি মূলত একটি দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কথা বলে। একজন নারী মা হয়েছেন বলে তার নেতৃত্ব, পেশাগত দক্ষতা কিংবা রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সক্ষমতা কমে যায় না। একইভাবে একজন পুরুষ বাবা হয়েছেন বলেও সন্তানের পরিচর্যার দায়িত্ব থেকে মুক্ত থাকেন না। পরিবার ও কর্মজীবনের ভারসাম্য কোনো একক ব্যক্তির আত্মত্যাগের ওপর নির্ভর করা উচিত নয়; এর জন্য প্রয়োজন নীতিগত সহায়তা, প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং দায়িত্বের ন্যায্য বণ্টন।
পোরমোখতারি তার শিশুকে নিয়ে বৈঠকে গিয়েছিলেন—এটি নিঃসন্দেহে প্রতীকীভাবে শক্তিশালী একটি দৃশ্য। কিন্তু দৃশ্যটির চেয়েও গুরুত্বপূর্ণ হলো এর পেছনের ব্যবস্থা: ৪৮০ দিনের পিতামাতার ছুটি, প্রত্যেক অভিভাবকের জন্য সংরক্ষিত ছুটি, বাবার পরিচর্যায় অংশগ্রহণ, কর্মস্থলের সহযোগিতা এবং সন্তানের যত্নকে সামাজিক দায়িত্ব হিসেবে স্বীকার করা।
একটি রাষ্ট্র কতটা উন্নত, তা শুধু তার অর্থনীতি, প্রযুক্তি কিংবা অবকাঠামো দিয়ে বিচার করা যায় না; নাগরিকের জীবন, পরিবার ও মর্যাদার প্রতি তার দৃষ্টিভঙ্গিও গুরুত্বপূর্ণ। যে রাষ্ট্র একজন মাকে সন্তান জন্মের পর কর্মজীবন থেকে ছিটকে পড়তে বাধ্য করে না, যে রাষ্ট্র বাবাকেও শিশুর পরিচর্যার দায়িত্ব নিতে উৎসাহিত করে এবং যে কর্মক্ষেত্র মাতৃত্বকে অযোগ্যতার লক্ষণ হিসেবে দেখে না—সেই রাষ্ট্রই প্রকৃত অর্থে মানবিক ও অন্তর্ভুক্তিমূলক হওয়ার পথে এগোয়।
তিন মাসের ছোট্ট শিশু হয়তো সেদিন জলবায়ুনীতির আলোচনায় কোনো বক্তব্য দেয়নি। কিন্তু মায়ের বুকে থেকে তার উপস্থিতি একটি বড় প্রশ্ন তুলে দিয়েছে: রাষ্ট্র ও কর্মক্ষেত্র কি এমন হতে পারে না, যেখানে মানুষকে পরিবার ও দায়িত্বের মধ্যে একটিকে বেছে নিতে হয় না? সুইডিশ মন্ত্রীর সেই উপস্থিতি এই প্রশ্নেরই দৃশ্যমান উত্তর খুঁজতে বিশ্বকে নতুন করে ভাবিয়েছে।
সূত্র: রয়টার্স, সুইডিশ গভর্নমেন্ট, সামাজিক বিমা সংস্থা ফোরশেকরিংসকাসান, গভর্নমেন্ট অব সুইডেন, ইউরোফাউন্ড, ওইসিডি, ইফাউ, সভেরিয়েস রেডিও, দ্য লোকাল সুইডেন ও সভেনস্কা দাগব্লাদেত
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


