ভারতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজেদের কয়েকজন নেতার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মেটার কার্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেসের যুব সংগঠন ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেস। একই সঙ্গে অ্যাকাউন্টগুলো পুনরায় চালু না করলে দেশজুড়ে মেটার কার্যালয় ঘেরাও ও বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
শুক্রবার হায়দরাবাদে মেটার কার্যালয় থাকা একটি ভবনে ঢুকে বিক্ষোভকারীরা ভাঙচুর চালান। এ সময় তাদের হাতে বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড দেখা যায়। তারা স্লোগান দেন এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেসের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে এসব দৃশ্য দেখা গেছে।
এর একদিন পর শনিবার সংগঠনটি এক্সে দেওয়া পোস্টে জানায়, তাদের নেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পুনর্বহাল না করা হলে দেশের বিভিন্ন স্থানে মেটার কার্যালয়ে প্রবেশ করে বিক্ষোভ করা হবে।
বার্তা সংস্থা রয়টার্সকে শনিবার সংগঠনটির সামাজিক যোগাযোগমাধ্যমবিষয়ক দায়িত্বপ্রাপ্ত মানু জৈন জানান, শুক্রবারের বিক্ষোভের পর দুটি অ্যাকাউন্ট পুনরায় চালু করা হয়েছে। তবে সরকারের সমালোচক সাংবাদিক, কনটেন্ট নির্মাতা ও প্রভাবশালীদের হাজার হাজার অ্যাকাউন্ট এখনো সীমাবদ্ধ রয়েছে।
তিনি বলেন, মেটাকে ব্যাখ্যা করতে হবে কীভাবে তাদের অ্যালগরিদম বিভিন্ন পোস্টের প্রচার সীমিত করে। পাশাপাশি সরকারের নির্দেশে বন্ধ করা অ্যাকাউন্টগুলোও পুনরায় চালু করতে হবে।
ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে ভারত মেটার সবচেয়ে বড় বাজার। তবে শুক্রবারের বিক্ষোভ নিয়ে প্রতিষ্ঠানটি কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা এবং নরেন্দ্র মোদি সরকারের ক্রমবর্ধমান কঠোর নিয়ন্ত্রণ নিয়ে বিতর্ক জোরালো হচ্ছে। ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেয়নি।
মেটার বক্তব্য, স্থানীয় আইন মেনেই ভারতে বিভিন্ন কনটেন্ট সীমিত করা হয়। অন্যদিকে, মোদি সরকারের দাবি, স্থানীয় আইন লঙ্ঘন কিংবা জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করলেই কেবল কোনো কনটেন্ট সরানোর নির্দেশ দেওয়া হয়। তবে কংগ্রেসের অভিযোগ, অনলাইনে সরকারের সমালোচনা ও ভিন্নমত দমনে মেটাসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ভূমিকা রাখছে।
শুক্রবারের বিক্ষোভের আরেকটি ভিডিওতে মুম্বাইয়ে মেটার কার্যালয় থাকা ভবনের বাইরের দেয়ালে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে স্লোগান লিখতে দেখা যায় বিক্ষোভকারীদের। এ সময় নিরাপত্তাকর্মীদের সঙ্গেও তাদের সংঘর্ষ হয়। নয়াদিল্লির কাছের গুরুগ্রামেও কংগ্রেসকর্মীরা ব্যানার নিয়ে বিক্ষোভ করেন। ব্যানারে তাদের নেতাদের অ্যাকাউন্ট পুনর্বহালের দাবি জানানো হয়।
তবে হায়দরাবাদের কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় কংগ্রেসের সমালোচনা করেছেন তেলেঙ্গানা রাজ্যের এক বিরোধী রাজনীতিক। তার মতে, এ ধরনের কর্মকাণ্ড ব্যবসা-বাণিজ্যের জন্য নিরাপদ শহর হিসেবে হায়দরাবাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
শনিবার মোদির ক্ষমতাসীন দলের জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারিও কংগ্রেসের কর্মকাণ্ডের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, কংগ্রেস শুধু মেটার কার্যালয়ে ভাঙচুরই করেনি, সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রচারও করেছে।
এদিকে, সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস জানিয়েছে, চলতি বছর ভারতে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সাংবাদিকদের প্রকাশিত কনটেন্ট সরিয়ে নেওয়ার ঘটনা বেড়েছে। মতপ্রকাশের স্বাধীনতাকর্মীদের অভিযোগ, নতুন সরকারি বিধির কারণে কোনো কনটেন্ট সরানোর অনুরোধ পাওয়ার পর তা পর্যালোচনার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলো খুব কম সময় পাচ্ছে।
গত ফেব্রুয়ারিতে মোদি সরকার সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে বেআইনি কনটেন্টের বিষয়ে অবহিত করার তিন ঘণ্টার মধ্যে তা সরানোর নির্দেশ দেয়। এর আগে এ সময়সীমা ছিল ৩৬ ঘণ্টা।
মেটার প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে ভারতের স্থানীয় আইনের অধীনে ৫৪ লাখের বেশি পোস্ট বা অ্যাকাউন্ট সীমিত করেছে প্রতিষ্ঠানটি। এ ক্ষেত্রে ইন্দোনেশিয়ার পরই ভারতের অবস্থান। ২০২৫ সালের পুরো সময়ে ভারতে এ ধরনের সীমিত করার ঘটনা ছিল প্রায় ৭০ হাজার।
মেটা জানিয়েছে, এসব কনটেন্টের বড় অংশই স্থানীয় আইনের বাধ্যবাধকতা মেনে প্রতিষ্ঠানটির নিজস্ব উদ্যোগে সীমিত করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


