পর্যায়ক্রমে গাজা দখলের পরিকল্পনা, যা বলছে হামাস

পর্যায়ক্রমে গাজা দখলের পরিকল্পনা, যা বলছে হামাস

অবরোধ আরোপ করে ধাপে ধাপে গাজা দখলের বিষয়ে ইসরাইলি অর্থমন্ত্রী বেজালের স্মোত্রিচের প্রস্তাবের সমালোচনা করেছে হামাস। এক বিবৃতিতে স্মোত্রিচের এই প্রস্তাবকে ‘গণহত্যা ও ফিলিস্তিনি জনগণকে নির্মূল করার আনুষ্ঠানিক স্বীকারোক্তি’ হিসেবে অভিহিত করেছে হামাস। খবর আল জাজিরার।

হামাস বলছে, ইসরাইলি অর্থমন্ত্রীর এই প্রস্তাব গাজার নিরপরাধ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অনাহার এবং অবরোধকে অস্ত্র হিসেবে ব্যবহার এবং যুদ্ধাপরাধের আনুষ্ঠানিক স্বীকারোক্তি।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, ‘স্মোত্রিচের বক্তব্য কোনো বিচ্ছিন্ন চরমপন্থী মতামত নয়, বরং এটি একটি ঘোষিত সরকারি নীতি, যা প্রায় ২৩ মাস ধরে ইসরাইল বাস্তবায়ন করছে।’

হামাস বলছে, ‘তার এই বিবৃতি বিশ্বের কাছে দখলদারিত্বের বাস্তবতা উন্মোচিত করে এবং নিশ্চিত করে যে গাজায় যা ঘটছে তা কোনো সামরিক যুদ্ধ নয় বরং গণহত্যা এবং ব্যাপক বাস্তুচ্যুতির একটি প্রকল্প।’

এ ধরনের কর্মকাণ্ডের জন্য ইসরাইলি নেতাদের জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে হামাস।

এরআগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে, হামাস অস্ত্র ত্যাগ করতে রাজি না হলে পর্যায়ক্রমে গাজা উপত্যকা দখলের আহ্বান জানান ইসরাইলি অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ। তিনি বলেন, যদি হামাস আত্মসমর্পণ, নিরস্ত্রীকরণ এবং ইসরাইলি বন্দিদের মুক্তি দিতে রাজি না হয়, তাহলে ইসরাইলের উচিত প্রতি সপ্তাহে গাজার একটি অংশ দখল করা।

সংবাদ সম্মেলনে গাজা দখলের বিষয়ে তার পরিকল্পনাও তুলে ধরেন স্মোত্রিচ। তিনি বলেন, প্রথমে ফিলিস্তিনিদের গাজার দক্ষিণে চলে যেতে বলা হবে, তারপরে ইসরাইল ভূখণ্ডের উত্তর ও মধ্যাঞ্চলে অবরোধ আরোপ করবে এবং শেষ পর্যন্ত দখলদারিত্বের মাধ্যমে পুরো প্রক্রিয়া শেষ হবে।

তার মতে, ‘তিন থেকে চার মাসের মধ্যে এটি অর্জন করা সম্ভব।’

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন